সবজির পাইকারিতে পানির দর, খুচরায় দ্বিগুণ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীর ডিসিঘাট সিটি পাইকারি কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, বিভিন্ন ধরনের সবজির পাইকারি মূল্যে প্রতি কেজি সর্বনিম্ন ১২ থেকে ৩০ টাকা দরে বেচাবিক্রি হয়। পাইকারি বাজারে যে ফুলকপি প্রতি কেজি ১২-১৩ টাকা দরে বিক্রি হয়েছে সেই ফুলকপি খুচরা ও ভ্রাম্যমাণ বিক্রেতারা বিক্রি করছেন প্রতি কেজি ২০ থেকে ৩০ টাকা দরে। একই দামে বিক্রি হচ্ছে বাঁধাকপি। পাইকারিতে বিক্রি হওয়া ২০ টাকা কেজির বেগুন খুচরা বাজারে ৩০ থেকে ৪০ টাকায়, ১৫ টাকা কেজি দরের চিচিঙা খুচরাতে ২৫-৩০ টাকা, ২৫-৩০ টাকার প্রতি কেজি শসা খুচরা বাজারে ৩৫-৪০ টাকা, ৩০ টাকা প্রতি কেজির ঢ্যাঁড়শ ৩৫-৪০ টাকা, ১২-১৩ টাকা কেজি দরের মুলা খুচরায় ২০-২৫ টাকা, ১০ টাকার লাউ ২৫-৩০ টাকা, ১৮-২০ টাকা কেজি দরের মিষ্টিকুমড়া ৩৫-৪০ টাকা, ১৫-১৭ টাকার পটোল খুচরা বাজারে ২৫-৩০ টাকা ও ৩৫ টাকা দরের কাঁচা মরিচ ৬০ টাকা কেজি দরে খুচরা বাজারে বিক্রি হয়। বাজারের আড়তদাররা জানিয়েছেন, ১০ কেজির কম কোনো সবজি নিলে ক্যাশ মেমো দেওয়া হয় না। এ সুযোগটি নেন খুচরা বিক্রেতারা। তারা সব আড়ত থেকে ঘুরে ঘুরে কম সবজি নিয়ে ক্যাশ মেমো নেন না। তাই ভ্রাম্যমাণ আদালত গিয়ে তাদের জরিমানা করতে পারবে না। মানবিক কারণে খুচরা সবজির বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে না বলে জানিয়েছেন পাইকারি সবজি বিক্রেতারা। পাইকারি আড়তদার রিয়াজউদ্দিন বলেন, সবজির দ্বিগুণ আমদানিতে বাজারে পাইকারিতে অনেকটা ‘পানির’ দরে বিক্রি হয়েছে।
কয়েকজন আড়তদার জানান, প্রতি বছর এ সময়ে যে রকম সরবরাহ থাকে, এবারও তেমনই আছে। তবে গত দুই দিন সরবরাহ ভালোই বেড়েছে এবং দামও বেশ কম।
