মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফরাসি নাগরিককে ইন্দোনেশিয়ার কাছে ফেরত চেয়েছে ফ্রান্স: জাকার্তা

ইন্দোনেশিয়ার কাছে মাদকের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রায় ২০ বছর ধরে বন্দি এক ফরাসি নাগরিককে স্থানান্তরের জন্য একটি আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে ফ্রান্স।

ইন্দোনেশিয়ার একজন সিনিয়র মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে শনিবার সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

৬১ বছর বয়সী ওয়েল্ডার সার্জ আতলাউই, ২০০৫ সালে জাকার্তার বাইরে একটি মাদক কারখানায় গ্রেফতার হন যেখানে কর্তৃপক্ষ তাকে ‘রসায়নবিদ’ হিসেবে অভিযুক্ত করেছিল।

ইন্দোনেশিয়ায় বিশ্বের কিছু কঠিনতম মাদক আইন রয়েছে, যার মধ্যে রয়েছে পাচারকারীদের মৃত্যুদণ্ড এবং অতীতে বিদেশিদেরও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইন্দোনেশিয়ার সরকার এক ফিলিপিনা মা এবং তথাকথিত ‘বালি নাইন’ ড্রাগ রিং-এর শেষ পাঁচ সদস্যসহ মৃত্যুদণ্ডে থাকা একাধিক হাই-প্রোফাইল বিদেশি বন্দিকে স্থানান্তর করতে সম্মত হয়েছে।

ইন্দোনেশিয়ার সিনিয়র আইন ও মানবাধিকার মন্ত্রী ইউসরিল ইহজা মহেন্দ্র বলেছেন, “আমরা সার্জ আতলাউইয়ের স্থানান্তরের অনুরোধসহ একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছি।”

তিনি যোগ করেছেন যে ছুটির পরে ‘জানুয়ারির শুরুতে’ অনুরোধটি নিয়ে আলোচনা করা হবে।

আতলাউই নিজেকে নির্দোষ দাবির বক্তব্যে অটল আছেন। তিনি দাবি করেছেন যে, অ্যাক্রিলিক্স প্ল্যান্ট ভেবে তিনি সেখানে যন্ত্রপাতি স্থাপন করেন।

প্রথমে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট ২০০৭ সালে আপিলের রায়ে সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেয়।

বন্দি স্থানান্তরের জন্য চলমান আলোচনা সত্ত্বেও ইন্দোনেশিয়ার সরকার সম্প্রতি ইঙ্গিত দিয়েছে যে, দেশটি ২০১৬ সাল থেকে স্থগিত থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাদক অপরাধীদের ফের সাজা কার্যকর শুরু করবে। সূত্র: দ্য গার্ডিয়ান, দ্য স্ট্রেইটস টাইমস, এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights