বেলাবতে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে সড়ক দুর্ঘটনায় বেলাব উপজেলা প্রকৌশলী অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. ফয়সাল মোল্লা সুজন (৩১) নিহত হয়েছেন। আজ (২৯ ডিসেম্বর) রবিবার দুপুরে উপজেলার আমলাবো ইউনিয়নের বটেশ্বর গ্রামের চানু মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রকৌশলী বেলাব উপজেলা এলজিইডি অফিসে কর্মরত ছিলেন। তিনি শিবপুর উপজেলার ধনুয়া গ্রামের ফারুক মোল্লার ছেলে। ২০২২ সালে বেলাব উপজেলায় এলজিইডি অফিসে উপ সহকারী প্রকৌশলী পদে যোগদান করেন।

জানা গেছে, ফয়সাল মোল্লা ঘটনার সময় মোটরসাইকেল যোগে অফিসিয়াল কাজে বটেশ্বর গ্রামে যাওয়ার পথে উল্লেখিত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রা ট্রাক্টর এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এইসময় ফয়সাল মোটরসাইকেল থেকে রাস্তার পাশে ছিঁটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, উপ-সহকারী প্রকৌশলী নিহতের ঘটনায় বেলাব থানায় মামলার প্রস্তুতি চলছে। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। গাড়িটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights