পরিচ্ছন্ন শহর কর্মসূচির মধ্য দিয়ে কাল নেত্রকোনায় তারুণ্য উৎসবের যাত্রা
নেত্রকোনা প্রতিনিধি
শহরকে পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে ‘পরিচ্ছন্ন কর্মসূচি’র মধ্য দিয়ে নেত্রকোনায় যাত্রা করবে তারুণ্য উৎসব ২০২৫। আগামীকাল সোমবার সকাল ৯টায় জেলা শহরের সরকারি কলেজ রোডের পৌর কবরস্থান সংলগ্ন এলাকায় পরিচ্ছন্ন কর্মসূচি হাতে নিয়েছে প্রস্তুতি সভায়। একে একে বিভিন্ন এলাকা পরিচ্ছন্ন করা হবে।
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২৫-কে কেন্দ্র করে রবিবার দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাফিকুজ্জামানের সঞ্চালনায় বৈষম্যবিরোধী ছাত্রনেতা, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সকলের সিদ্ধান্ত নিয়ে জেলা শহরের বিভিন্ন পয়েন্ট শনাক্ত করা হয়। সেগুলোতে পরিচ্ছন্ন কর্মসূচির মাধ্যমে এই তারুণ্যের উৎসবের যাত্রা শুরুর বিষয়ে সকলে মতামত দেন।
জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, সাবেক এমপি জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক, শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির সম্পাদক আলপনা বেগম, প্রকৃতি বাঁচাও আন্দোলনের সভাপতি তানভির জাহান চৌধুরী ও এডিসি মো. রাফিকুজ্জামানসহ অন্যরা।
এতে জেলা সিভিল সার্জন, শিক্ষা কর্মকর্তা, ১০ উপজেলার ইউএনও, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক, পৌরসভার সচিব, সকল সরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সকল শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
