দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান ইউজিসি’র

অনলাইন ডেস্ক
দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে গবেষণা ও উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব।

সোমবার ইউজিসিতে ‘শিক্ষা বিভাগীয় কর্মচারী (শিক্ষক) কর্তৃক অর্জিত পিএইচডি অভিসন্দর্ভ ও শিক্ষাদান সংশ্লিষ্ট বিষয়ের সামঞ্জস্য নিরূপণ’ শীর্ষক একাডেমিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

বিভিন্ন সরকারি স্কুল ও কলেজের ১২ জন শিক্ষকের পিএইচডি অভিসন্দর্ভ মূল্যায়নপূর্বক শিক্ষাদান সংশ্লিষ্ট বিষয়ের সাথে অর্জিত ডিগ্রির সামঞ্জস্য নিরূপণে এই একাডেমিক সেমিনার আয়োজন করা হয়।

ড. মাছুমা হাবিব বলেন, প্রায়োগিক গবেষণা ও নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। গবেষণার মাধ্যমে উচ্চশিক্ষায় প্রয়োজনীয় প্রযুক্তি উদ্ভাবনের ওপর বেশি গুরুত্বারোপ করেন তিনি।

বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে এখন অনেক মানসম্মত গবেষণা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, গবেষকদের যথাযথভাবে গবেষণা কর্ম সম্পন্ন করতে উৎসাহ দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে গবেষণার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন।

সেমিনারে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামসুল আলম, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান ও অধ্যাপক ড. শাহরিয়ার হায়দার, গণিত বিভাগের অধ্যাপক ড. ছালমা নাছরীন, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশা ইসলাম নাঈম এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুন বিষয় সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

ইউজিসির রিসার্চ অ্যান্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে একই বিভাগের অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজের সঞ্চালনায় সেমিনারে ইউজিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights