ব্যাংকের সব স্থাপনায় অগ্নিনিরাপত্তা জোরদারের নির্দেশ

অনলাইন ডেস্ক
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি এড়াতে ব্যাংকের সার্ভার কক্ষ ও প্রধান কার্যালয়ের আইটিসহ গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থান এবং ব্যবসা কেন্দ্রের অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সম্পর্কিত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনা বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন, সম্পদ ও গুরুত্বপূর্ণ দলিলাদির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এমন পরিস্থিতিতে তফসিলি ব্যাংকগুলোর ব্যবসা কেন্দ্রসহ সব স্থাপনার অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিতে হবে।

ব্যাংকগুলোর ব্যবসা কেন্দ্রসহ অন্যান্য স্থাপনার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রয়োজনে বিশেষজ্ঞ ব্যক্তি/প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটির-বিচ্যুতি নিরূপণে সুপারিশ দিতে নির্দিষ্ট বিশেষজ্ঞ ব্যক্তি/প্রতিষ্ঠান নিয়োগ করবে।

ব্যাংকের সার্ভার কক্ষ ও প্রধান কার্যালয়ের আইটিসহ গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থান, ব্যবসা কেন্দ্রে স্মোক ও হিট ডিটেকশন সিস্টেম, ফায়ার এলার্ম ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা কার্যকর রয়েছে কি না, তা পরীক্ষা করে অগ্নিকাণ্ড প্রতিরোধে স্মোক ও হিট ডিটেকশন সিস্টেম এবং ফায়ার এলার্ম কার্যকর নিশ্চিত করতে হবে। ফায়ার হাইড্রেন্ট, স্প্রিংকলার হেড ও ফায়ার এস্টিংগুইসার স্থাপন করতে হবে। অগ্নিনির্বাপণ অনুশীলন/মহড়া আয়োজন এবং স্থানীয়ভাবে সচেতনতামূলক প্রশিক্ষণ আয়োজন এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরীক্ষণের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বা বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের মাধ্যমে সার্ভে করে তাদের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

নির্দেশনায় ব্যাংকের সার্ভার কক্ষ ও প্রধান কার্যালয়ের আইটিসহ গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থানগুলোতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে এবং ব্যাংকের প্রধান কার্যালয়সহ শাখা অফিসগুলোর গুরুত্বপূর্ণ স্থান সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণের আওতায় রাখতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights