জার্মান প্রেসিডেন্টের বিরুদ্ধে মাস্কের ‘অপমানকর’ স্ট্যাটাস

অনলাইন ডেস্ক

জার্মান প্রেসিডেন্ট ফাংক-ভাল্টার স্টাইনমায়ারের বিরুদ্ধে মার্কিন ধনকুবের ইলন মাস্ক অপমানকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে।

সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে মাস্ক লিখেছেন, ‘স্টাইনমায়ার হলেন গণতন্ত্র-বিরোধী স্বৈরাচারী। তার লজ্জা হওয়া উচিত।’

সম্প্রতি প্রেসিডেন্ট ফ্রাংক ভাল্টার স্টাইনমায়ার তার ভাষণে জার্মানির নির্বাচনে বাইরের প্রভাবের কথা বলেছিলেন। তারপরই ইলন মাস্ক জার্মানির প্রেসিডেন্টের বিরুদ্ধে এই মন্তব্য করলেন।

এর আগে অতি-ডানপন্থি দল এএফডি-র সঙ্গে যুক্ত ইনফ্লুয়েন্সার নাওমি জাইব্ট একটি পোস্ট করেন। তার উপরই প্রতিক্রিয়া জানিয়েছেন মাস্ক।

স্টাইনমায়ারের অফিস জানিয়েছে, তারা মাস্কের মন্তব্য দেখেছেন, কিন্তু তারা কোনো প্রতিক্রিয়া জানাবেন না।

ওলাফ শলৎস যখন জার্মানির চ্যান্সেলর হন, তখন মাস্ক বলেছিলেন, ‘তিনি একজন বোকা মানুষ।’ তিনি এটাও বলেছেন, ‘শলৎস আগামী ফেব্রুয়ারির ভোটে হারবেন।’

মাস্ক জার্মানির অতি-ডানপন্থি এএফডির নেত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান। এদিকে, জার্মানির অতি-ডানপন্থি পার্টির নেত্রী অ্যালিস ভাইডেলের মুখপাত্র জানিয়েছেন, তার সঙ্গে মাস্কের একটি বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে।

মাস্কও বলেছিলেন, তিনি ও অ্যালিস এক্স স্পেসে আলোচনা করবেন। তার জন্য অপেক্ষা করুন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মাস্কের জার্মানির নির্বাচন প্রভাবিত করার চেষ্টার সমালোচনা করেছেন জার্মানির ভাইস চ্যান্সেলার রবার্ট হাবেক।

তিনি এক্স-এ লিখেছেন, ‘ইলন মাস্কের কাছে প্রচুর অর্থ আছে এবং যোগাযোগের ক্ষমতা আছে। তিনি ইউরোপকে দুর্বল করতে চান। কোনো ব্যবসায়িক মডেল যেন আমাদের গণতন্ত্রকে ধ্বংস করতে না পারে। ইউরোপ যেন তাদের ক্ষমতার যথাযথ ব্যবহার করে।’

মাস্ককে নিয়ে যুক্তরাজ্যও চিন্তিত। কারণ, তিনি সেখানকার ডানপন্থি সংসদ সদস্যদের সমর্থন করে সেখানকার রাজনীতিতে হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ উঠেছে।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও একাধিক আক্রমণাত্মক পোস্ট করেছেন মাস্ক।

সূত্র : ডয়চে ভেলে ও ইউরো নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights