থার্টি ফার্স্ট নাইটে লালবাগে ছুরিকাঘাতে রিকশাচালক খুন

ঢাকা মেডিকেল প্রতিনিধি
রাজধানীর লালবাগে দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে মো. মাহবুব আলম (৩৯) নামের ব্যাটারিচালিত এক অটো রিকশাচালক খুন হয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে লালবাগ জে এন শাহ রোডে লিবার্টি ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন লালবাগ থানার উপপরিদর্শক এসআই আব্দুস সেলিম মিয়া। তিনি বলেন, ‌থার্টি ফার্স্ট নাইটে ২ টার দিকে লালবাগ এলাকায় ডিউটিকালীন অবস্থায় দুই কিশোর জানায়, লিবার্টি ক্লাবের ওইখানে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে আছে। পরে সেখানে গিয়ে রক্তাক্ত ও শরীরে পুরাতন ব্যান্ডেজ পেঁচানো মৃত অবস্থায় দেখতে পাই একজনকে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও বলেন, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তার ডান হাত দুই পায়ের ঘিরা ও পিঠে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে রেখে গেছে। এ বিষয়ে তদন্ত চলছে।

মৃতের মামা আলাউদ্দিন বলেন, গতকাল রাতে বাসা থেকে থার্টি ফাস্ট উপলক্ষে ঘুরতে বের হয়। ভোর ৫টার দিকে খবর পাই তাকে কে বা কারা ছুরিকাঘাতে হত্যা করে ফেলে রেখে গেছে। ভোর ৫টার দিকে খবর পেয়ে সেখানে গিয়ে দেখি, তার লাশ পুলিশের গাড়িতে করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ১৫ দিন আগেও তাকে ওই এলাকার দুষ্কৃতকারীরা মারধর ও ছুরিকাঘাতে আহত করেছিল। সে শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছিল। তাদের ধারণা, এর আগে যারা তাকে মেরেছিল তারাই তাকে হত্যা করেছে। তবে তাদেরকে তারা চিনেন না।

মাদারীপুর সদর উপজেলার চর মাগুরিয়া গ্রামের শ্রমিক মো. বাবুল হোসেনের ছেলে মো. মাহবুব আলম। বর্তমানে লালবাগ শহীদ নগর ৮ নং গলিতে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। তিন বছর বয়সী এক মেয়ের জনক ছিলেন তিনি। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights