কোটালীপাড়ায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি

কর্মসংস্থান সৃষ্টিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শুরু হয়েছে ৩০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ। বুধবার দুপুরে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমীর (বাপার্ড) কম্পিউটার ল্যাবে প্রশিক্ষণটির উদ্বোধন করেন বাপার্ডের যুগ্ম-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক।

এ সময় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমীর (বাপার্ড) যুগ্ম পরিচালক মো. আব্দুল গণি মিনা, সহকারী পরিচালক মাহামুদুল হাসান, কারিগরি প্রশিক্ষক মো. আজিম উদ্দিন বক্তব্য রাখেন। এ ছাড়া প্রশিক্ষণের প্রশিক্ষক ছিলেন জয়ত নয়ন সরকার।

বাপার্ডের যুগ্ম-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় স্ব-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চালু করা হয়েছে। ৩০ দিনের এই প্রশিক্ষণে ৪০ জন প্রশিক্ষণার্থী নিয়ে ১ম ব্যাচের প্রশিক্ষণ শুরু হলো। পর্যায়ক্রমে আরও দুটি ব্যাচে ৮০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণের সুযোগ পাবে।

বাপার্ডের কারিগরি প্রশিক্ষক আজিম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে বাপার্ডে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হলেও প্রথমবারের মতো ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ শুরু হলো। পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাছাই করা হয়। আশা করছি এই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে সকলে স্ব-কর্মসংস্থানের সুযোগ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights