বরিশালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথকভাবে র্যালি ও আলোচনা সভা করেছে বরিশাল মহানগর এবং জেলা শাখা।
বুধবার (১ জানুয়ারি) সকালে প্রথমে নগরীর সদর রোড বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সভা করে মহানগর ছাত্রদল। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার।
মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও হুমায়ন কবিরের সঞ্চালনায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাশেষে নগরীতে র্যালি বের করা হয়।
অপরদিকে, একই স্থানে বরিশাল জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল আলম মিঠু সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় পৃথক আরেকটি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান।
এছাড়াও জেলা ছাত্রদলের উদ্যোগে রক্তদান কর্মসূচিও পালন করা হয়।
