বিপিএল: ঢাকাকে গুঁড়িয়ে রাজশাহীর দুর্দান্ত জয়

অনলাইন ডেস্ক

নতুন বছরের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। বৃহস্পতিবার (২ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করে ঢাকা ক্যাপিটালস। জবাবে ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় দুর্বার রাজশাহী।

রান তাড়ায় নেমে যদিও শুরুটা ঢাকার মতোই নড়বড়ে করে রাজশাহী। দলীয় ১৩ রানেই হারায় ওপেনার মোহাম্মদ হারিসকে। আরেক ওপেনার জিসান আলম তো ৮ বল মোকাবিলা করেও রানের খাতা খুলতে পারেননি। দলের চাপ বাড়িয়ে তিনিও ফেরেন শূন্যতে।

এই চাপের মুখে দলকে উদ্ধার করেন অধিনায়ক এনামুল হক বিজয়। ওয়ানডাউনে নেমে প্রথমে ইয়াসির আলি ও পরে রায়ান বার্লকে নিয়ে ব্যাটিংয়ের সুর বেধে দেন অধিনায়ক। ২২ রান করে মাঝপথে ইয়াসির ফিরলে বার্লকে নিয়ে বাকি পথ টানেন বিজয়।

দলকে জেতানোর পথে ৪৬ বলে ৭৩ রানের দারুণ ইনিংস উপহার দেন বিজয়। তার সঙ্গে বার্ল খেলেন ৫৫ রানের আরেকটি কার্যকারী ইনিংস।

এর আগে ঢাকার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫০ রান করেন শাহাদাত হোসেন দিপু। আর বল হাতে রাজশাহীর হয়ে ৪ ওভারে ১৯ রান খরচায় ৭ উইকেট নেন পেসার তাসকিন আহমেদ। যা বিপিএলের ইতিহাস সেরা বোলিং ফিগার।

আজ দিনের শুরুতে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি ঢাকার। দলীয় ৫ রানের মাথায় ফেরেন ওপেনার লিটন দাস। ৫ বল খেললেও রানের খাতাই খুলতে পারেননি তিনি। এরপর আরেক ওপেনার তানজিদ তামিমও বিদায় নেন দ্রুতই। দলীয় ১৪ রানের মাথায় ফেরেন এই বাঁহাতি ওপেনার। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। তবে, স্টিফেন ইসকিনাজি ও শাহাদাত হোসেন দিপুর ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি।

এই দুজন মিলে গড়েন ৭৯ রানের জুটি। দলীয় ৯৩ রানের মাথায় ইসকিনাজির বিদায়ে তৃতীয় উইকেট হারায় ঢাকা। ২৯ বলে ৪৬ রান আসে তার ব্যাট থেকে। আর দিপু করেন ৪১ বলে ৫০ রান। এই দুইজনের ব্যাটে চড়ে ভালো সংগ্রহের ভিত গড়ে ঢাকা। পরবর্তীতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। তাসকিনের দাপুটে বোলিংয়ে শেষ পর্যন্ত ১৭৪ রানে থামে দলটি। কিন্তু বিজয় ও বার্লের দিনে এই রানও যথেষ্ট হয়নি ঢাকা ক্যাপিটালসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights