প্রকাশিত সংবাদের প্রতিবাদ গাজীপুর জেলা জামায়াতের
গাজীপুর প্রতিনিধি
বেশ কিছু জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে শনিবার গাজীপুর সদর উপজেলা ‘আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে মিছিল নিয়ে থানায় জামায়াতের নেতা-কর্মীরা’ শিরোনামে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা আমীর ড. মো. জাহাঙ্গীর আলম ও জেলা সেক্রেটারি মো. সফিউদ্দিন।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, ‘মো. সফিকুল সিকদার (৩৮) বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন কর্মী। সফিকুল ইসলাম ২০১৮ সাল থেকে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। পরে ২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে নিয়মিত জামায়াতের কর্মী হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের গণআন্দোলনেও বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। কতিপয় কুচক্রী মহল নিজেদের দলে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর তাকে হয়রানি করার জন্য পুলিশ দিয়ে গ্রেফতার করায়। জামায়াতের একজন কর্মী হিসেবে কোনো মামলা ছাড়া তাকে গ্রেফতারের খবরে আমরা গাজীপুর জেলা জামায়াতের পক্ষ থেকে তার বিষয়টি খোঁজখবর নিতে জয়দেবপুর থানায় যোগাযোগ করি।’
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে সফিকুল সিকদারের মুক্তির দাবি করেন। পাশাপাশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতে ইসলামের সুনাম ক্ষুণ্ন করার জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমে মুখরোচক সংবাদ প্রকাশের নিন্দা ও প্রতিবাদ জানান।
