সাদপন্থিদের ইজতেমা করার অধিকার নেই

নিজস্ব প্রতিবেদক
সাদপন্থিদের ইজতেমা করার নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেন, যাদের হাতে (সাদপন্থি) টঙ্গীর ইজতেমার মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে তাদের আসলে সেখানে ইজতেমা করার নৈতিক অধিকার থাকে না। গতকাল দুপুরে রাজধানীর কাকরাইলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীর ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের জোবায়েরপন্থিদের ওপর সাদপন্থিদের হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, হত্যাকাে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বাংলাদেশে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানো হয়। এই দাবিতে আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন তারা। এ ছাড়া ২৫ জানুয়ারি ওলামা মাশায়েখ সম্মেলনের ডাক দিয়েছেন জুবায়েরপন্থিরা। সংবাদ সম্মেলনে মামুনুল হক বলেন, ৩১ জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা হচ্ছে ইনশাআল্লাহ। এ বিষয়ে কোনো ধরনের বাধা নেই। তার কার্যক্রমও চলছে, আরও পুরোদমে শুরু হয়ে যাবে। তিনি বলেন, সাদপন্থিদের যথোপযুক্ত শাস্তি হলো তাদের কার্যকলাপ নিষিদ্ধ করা। সব আলোচনার দুয়ার রুদ্ধ করে দিয়ে রাতের অন্ধকারে হামলা করে আমাদের তিন ভাইকে হত্যা করা হয়েছে। এখন রক্তের ওপর দিয়ে আমরা কীভাবে তাদের সঙ্গে আলোচনায় যেতে পারি? তিনি আরও বলেন, এখানে আমরা হেফাজতের নেতা হিসেবে নয়, আলেম-ওলামা হিসেবে এসেছি। তাবলিগ জামাতের কার্যক্রম যদি ইসলাম ধর্মের কাজ হয়ে থাকে, তবে কোরআন ও সুন্নাহর বিষয়ে সিদ্ধান্ত আলেমরাই দেবেন। তাবলিগের দুই পক্ষের সমস্যা সমাধানে আলেমরা মধ্যস্থতা করার চেষ্টা করেছেন। সরকারও চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights