সিলেটেও উড়তে চায় রংপুর
ক্রীড়া প্রতিবেদক
বিপিএলের ঢাকা পর্ব শেষ। সাত দলের বিপিএলের দ্বিতীয় পর্ব সিলেটে গড়াবে আগামীকাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। খেলা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। এরপর ১৭ জানুয়ারি শুরু হবে চট্টগ্রামে তৃতীয় পর্ব। চতুর্থ ও ফাইনাল পর্ব ফের অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরে এবং ফাইনাল ৭ ফেব্রুয়ারি। যদিও ফাইনালের জন্য এক দিন রিজার্ভ ডে রাখা হয়েছে। ঢাকা পর্ব শেষে তিন ম্যাচের সবগুলোতে জয় তুলে পয়েন্ট টেবিলের সবার ওপরে অবস্থান করছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। তলানিতে রয়েছে এক ম্যাচ খেলে সিলেট স্ট্রাইকার্স। আগামীকাল সিলেট পর্বে দুপুর দেড়টায় মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের ওপরে থাকা রংপুর রাইডার্স ও স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। ঢাকা পর্বে দুই দল পরস্পরের বিরুদ্ধে খেলেছিল এবং রংপুর জিতেছিল ৩৪ রানে। ৬ জানুয়ারি সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল বরিশাল ও রাজশাহী এবং ৪ উইকেটে বরিশাল জিতেছিল ম্যাচটি। আসরে টানা তিন ম্যাচ হেরেছে ঢাকা ক্যাপিটাল।
……রংপুর রাইডার্স বিপিএলে অংশ নিচ্ছে গ্লোবাল সুপার লিগ (জিএসএল) চ্যাম্পিয়নের আত্মবিশ্বাস নিয়ে। গায়ানায় পাঁচ দলের জিএসএলে নুরুল হাসান সোহানের দল চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে হারিয়ে। দেশের প্রথম ও একমাত্র দল হিসেবে বিদেশে শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। সেই ধারাবাহিকতায় বিপিএলে দারুণ খেলছে দলটি। প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালকে ৪০ রানে, দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৩৪ রানে এবং তৃতীয় ম্যাচে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে ৮ উইকেটে হারিয়েছে। টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে রয়েছে মেহেদি হাসান মিরাজের খুলনা টাইগার্স। খুলনা দুই জয় পেয়েছে ঢাকার বিরুদ্ধে ২০ রানে এবং চিটাগং কিংসের বিরুদ্ধে ৩৭ রানে। থিসারা পেরেরার ঢাকা টানা তিন ম্যাচ হেরেছে। রংপুর রাইডার্সের কাছে প্রথম ম্যাচে ৪০ রানে, দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীর কাছে ৭ উইকেটে এবং তৃতীয় ম্যাচে খুলনা টাইগার্সের কাছে হেরেছে ২০ রানে। এনামুল হক বিজয়ের দুর্বার রাজশাহী তিন ম্যাচ খেলে হেরেছে ২টি এবং জিতেছে ১টি। সাত উইকেটে জিতেছে ঢাকা ক্যাপিটালের বিরুদ্ধে এবং হেরেছে ফরচুন বরিশালের কাছে ৪ উইকেটে ও চিটাগং কিংসের কাছে ১০৫ রানে। ঢাকা পর্বের খেলা শুরু হয়েছে ৩০ ডিসেম্বর। শেষ হয়েছে ৩ জানুয়ারি। খেলা হয়েছে ৮টি। আট ম্যাচে দুইশোর্ধ্ব স্কোর হয়েছে ৩টি। সবচেয়ে বেশি ৫ উইকেটে ২১৯ রান করেছে চিটাগং কিংস। প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। ম্যাচটি চিটাগং জিতেছে ১০৫ রানে। এ স্কোরটি আবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের দলগত সর্বোচ্চ স্কোর। আগের সর্বোচ্চ স্কোর ছিল ২১৮, খুলনা। চিটাগং কিংসের বিরুদ্ধে খুলনা স্ট্রাইকার্স ২০ ওভারে ৪ উইকেটে ২০৩ রান করে। দুর্বার রাজশাহীর ৩ উইকেটে ১৯৭ রান টপকে যায় ফরচুন বরিশাল ৬ উইকেটে ২০০ রান তুলে। আট ম্যাচে সর্বনিম্ন দলগত স্কোর দুর্বার রাজশাহীর, ১৭.১ ওভারে ১১৪ রান। ঢাকা পর্বের আট ম্যাচে সেঞ্চুরি হয়েছে সাকল্যে দুটি। সেঞ্চুরি দুটি হয়েছে শেষ দিনে। দুর্বার রাজশাহীর বিরুদ্ধে চিটাগং কিংসের পাকিস্তানের ক্রিকেটার উসমান খান বিপিএলের চলতি আসরের প্রথম সেঞ্চুরি করেন। ৬২ বলে ১২৩ রানের ইনিংস খেলেন ১৩ চার ও ৬ ছক্কায়। উসমানের সেঞ্চুরির ম্যাচে ১০৫ রানের জয় পায় চিটাগং কিংস। সন্ধ্যার ম্যাচে ঢাকা ক্যাপিটাল হেরে যায় খুলনা টাইগার্সের কাছে। ঢাকা হারলেও দলটির অধিনায়ক থিসারা পেরেরা সেঞ্চুরি করেন। ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন ৬০ বলে ৯ চার ও ৭ ছক্কায়। দুই সেঞ্চুরির পাশাপাশি হাফ সেঞ্চুরি রয়েছে ১১টি। বিপিএলের ঢাকা পর্বে সবচেয়ে বেশি রান করেছেন এনামুল হক বিজয়, দুই হাফ সেঞ্চুরিতে ১৪৬ রান। উসমান দুই মাচে এক সেঞ্চুরিতে ১৪১ ও পেরেরা তিন ম্যাচে এক সেঞ্চুরিতে ১৪১ রান করেন।
দুর্দান্ত ছন্দে রয়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। দুর্বার রাজশাহীর ফাস্ট বোলার তাসকিন তিন ম্যাচে উইকেট নিয়েছেন ১২টি। সাত উইকেট নিয়ে দুইয়ে রয়েছেন রংপুর রাইডার্সের পাকিস্তানের স্পিনার খুশদিল শাহ। ছয়টি করে উইকেট নিয়েছেন রংপুর রাইডার্সের ‘স্পিডস্টার’ নাহিদ রানা ও খুলনা টাইগার্সের আবু হায়দার রাহী। মিতব্যয়ী বোলিং করেছেন মেহেদি হাসান মিরাজ। তার স্পেল ৪-১-৬-৩। সবাইকে চমকে দেওয়া বোলিং করেছেন তাসকিন। ঢাকা ক্যাপিটালের বিরুদ্ধে রাজশাহীর পক্ষে বিপিএলের রেকর্ড গড়া বোলিং করেছেন তাসকিন। তার স্পেল ৪-০-১৯-৭।
