সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের সরকারি লাল বিহারী (এলবিপি) উচ্চ বিদ্যালয়ের দেওয়ালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিত্রাংকনের উপর ‘জয় বাংলা ও বাংলাদেশ ছাত্রলীগ’ লেখার প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার পাঁচবিবি সরকারী লাল বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের পাঁচমাথা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষ করে পাঁচমাথা মুক্তিযোদ্ধা ভাষ্কর্যের সামনে এসে সমাবেত হয়।

এসময় জয়পুরহাট-হিলি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে রাস্তায় বসে পড়েন শিক্ষার্থীরা। এদিকে সড়ক অবরোধ বিক্ষোভ মিছিল করায় সড়কে যানজট সৃষ্টি হয়। এতে কিছুক্ষণের জন্য ভোগান্তির শিকার হয়েছেন বাস, ট্রাকের চালকসহ পথযাত্রীরা। পরে খবর পেয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখেন।

শিক্ষার্থীদের ডাকা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শিক্ষার্থী মোঃ আল আমিন, আজিজুর রহমান, ওবায়েদুল হক ও আল মাহামুদ সানি প্রমুখ।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বাংলাদেশে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের খোঁজে বের করে গ্রেফতার করতে পুলিশকে হুঁশিয়ারি দেন তারা। গ্রেফতার না হলে পরবর্তীতে আরোও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিবেন বলেও বক্তারা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights