রাতের আঁধারে কৃষকের ফসল নষ্ট করল দুর্বৃত্তরা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রাতের আঁধারে এক কৃষকের এক বিঘা জমির ফসল নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। একমাত্র আয়ের উৎস নষ্ট হয়ে যাওয়ার দিশেহারা হয়ে পড়েছেন কৃষক আব্দুল কুদ্দুস মোল্লা (৬৫)। গতকাল শনিবার দিবাগত রাতে দাদশী ইউনিয়নের কুশনাবাদ মাঠে এই ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় কৃষক আব্দুল কুদ্দুস মোল্লা এক বিঘা জমির কুমড়া গাছ কেটে দেয় দুর্বৃত্তরা। ধার-দেনা করে কুমড়া ক্ষেতের পরিচর্যা করে পরিবারের ভরণপোষণের স্বপ্ন নিমিষেই শেষ হয়ে গেছে তার।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল কুদ্দুস মোল্লা বলেন, ‌’প্রায় ৩০ দিন আগে এক বিঘা (৩৩ শতাংশ) জমিতে ৮৫০টি কুমড়া গাছের চারা রোপণ করেছিলাম। শনিবার দিবাগত রাতে আমার সবগুলো গাছের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুরু থেকে এখন পর্যন্ত চারা লাগানোয় খরচ হয়েছিল প্রায় ৩০ হাজার টাকা। আমি সর্বশান্ত হয়ে গেছি।’

আজ রবিবার দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জনি খান ক্ষতিগ্রস্ত কৃষকের জমি পরিদর্শন করেছেন।

রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জনি খান বলেন, ‌’আমরা আব্দুল কুদ্দুস মোল্লার ক্ষতিগ্রস্ত কুমড়া ক্ষেত পরিদর্শন করেছি। তার জমির ৮ শতাধিক কুমড়া গাছের চারা কাচি দিয়ে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। আমরা তাকে মামলা করার পরামর্শ দিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights