রাজবাড়ীতে কারাগারে আওয়ামী লীগের দুই নেতা
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গিয়ে আওয়ামী লীগের ২ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে আদালতের বিচারক মো. তানজিদ আহমেদ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ফারুক ইকবাল চৌধুরী। তিনি বলেন, আমরা গোয়ালন্দ আমলী আদালতে আসামিদের আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালতের বিচারক আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছেন।
কারাগারে যাওয়া নেতারা হলেন জেলার গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা ও দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোশারফ হোসেন প্রমানিক।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায়ন শিক্ষার্থী মো. শরিফুল ইসলাম (২৫) গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় এজাহারনামীয় আসামি ছিলেন মোহাম্মদ আলী মোল্লা ও মো. মোশাররফ হোসেন।
আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ফারুক ইকবাল চৌধুরী বলেন, আমরা উচ্চ আদালতে আসামিদের জামিন আবেদন করবো।
