৪৩তম বিসিএস গেজেট থেকে বাদ পড়াদের অন্তর্ভুক্তির দাবিতে জবিতে মানববন্ধন

জবি প্রতিনিধি

৪৩তম বিসিএসের দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সব নিরপরাধ প্রার্থীদের গেজেটভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরির সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা চাই না কোনো নিরপরাধ শিক্ষার্থী শাস্তি ভোগ করুক। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু কোনো নিরপরাধ যেন গেজেট থেকে বাদ না পড়ে। কারো আত্মীয়-স্বজন ভিন্ন মতাদর্শ থাকতেই পারে, কিন্তু তার দায়ভার একজন শিক্ষার্থী কেন ভোগ করবে? বিসিএসে উত্তীর্ণ হতে কত পরিশ্রম করতে হয়, তা শুধুমাত্র সেই শিক্ষার্থীই জানে।

শিক্ষার্থীরা আরও বলেন, যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে জড়িত থাকার দালিলিক প্রমাণ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার দালিলিক প্রমাণ রয়েছে ব্যতীত বাকি সব প্রার্থীকে প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করে আগামী ১৫ জানুয়ারি বাকি ১৮৯৬ জনের সঙ্গে একযোগে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত করার দাবি জানান শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ৪৩তম বিসিএসে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করে গত ৩০ ডিসেম্বর। এতে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েন ১৬৮ প্রার্থী। এর আগে ১৫ অক্টোবরের প্রজ্ঞাপনে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন ৯৯ জন। সব মিলিয়ে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়েন মোট ২৬৭ জন। যার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচজন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights