বরিশালে শ্রমিক লাঞ্ছনার জের ধরে সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীর রূপাতলী এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সার দুই শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে বাস মালিক সমিতির কর্মচারীদের বিরুদ্ধে। শুক্রবার সকাল ১০টার দিকে বাস টার্মিনাল এলাকায় অটোরিক্সা রাখতে না দেওয়াকে কেন্দ্র করে দুই অটোরিক্সা শ্রমিক শাওন ও আবদুল্লাহকে মারধরের জের ধরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি এবং ধাক্কাধাক্কি হয়। এ সময় অটো শ্রমিকরা রূপাতলী টার্মিনালের মূল সড়ক অবরোধ করে। এতে জনদুর্ভোগের সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শ্রমিকরা জানায়, সকালে রূপাতলী টার্মিনালের পাশে অটোরিক্সা রাখা নিয়ে অটো শ্রমিক শাওন ও আবদুল্লাকে মারধর করে বাস মালিক সমিতির পোষ্য কর্মচারীরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি এবং ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে সকাল ১১টার দিকে রূপাতলীর মূল সড়ক অবরোধ করে অটোরিক্সা শ্রমিকরা। এতে জনদুর্ভোগ হয়।
খবর পেয়ে ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক সংগঠনের উপদেষ্টা জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. ফারুক এবং বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপনের উপস্থিতিতে এক সমঝোতা বৈঠক করেন। বৈঠকে বাস মালিক সমিতির পক্ষ থেকে ওই আচরণের জন্য দুঃখ প্রকাশ করা হলে পরিস্থিতি শান্ত হয়। অটো শ্রমিকরা রূপাতলী টার্মিনালে অটোরিক্সার জন্য একটি স্ট্যান্ড করে দেওয়ার দাবি জানান। ট্রাফিক বিভাগ থেকে ফোরলেন হলে ভবিষ্যতে অটোস্ট্যান্ড করে দেয়ার প্রতিশ্রুতি এবং একই সাথে যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. ফারুক।
ট্রাফিক বিভাগের এই পদক্ষেপে অটোরিক্সা শ্রমিকরা খুশি বলে জানিয়েছেন ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের সদস্য রমজান আকন। ওই সমঝোতা বৈঠকের পর রূপাতলী বাস টার্মিনালের পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের পরিদর্শক আবদুর রহিম।
