এক কাউন্সিলর হত্যায় আরেক কাউন্সিলরসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপু (৫৫) হত্যার ঘটনায় আরেক সাবেক কাউন্সিলরসহ দুইজনকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে হোটেল গোল্ডেন হিল থেকে খুলনার আরেক সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে সালুকে (৫৩) এবং পরে ভোররাতে শহরের টেকপাড়ার বাসিন্দা মেজবাহ হক ভুট্টোকে আটক করে র‌্যাব ১৫। সালু খুলনা সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু বৃহস্পতিবার সকালে কক্সবাজারে আসেন। তারা সকাল ৭টার দিকে কলাতলী এলাকার হোটেল গোল্ডেন হিলে ওঠেন। ওই হোটেলের ‘অতিথি লিপিবদ্ধ বই’-এ দেখা গেছে, আটক ইফতেখার, নিহত গোলাম রব্বানী টিপুর সাথে রুমি (২৭) নামে এক নারীও হোটেলে ওঠেন। রুমি নামের ওই নারী পলাতক রয়েছেন।

এইচ এম সাজ্জাদ হোসেন আরও জানান, হোটেলের অভ্যর্থনা কক্ষের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ওই নারীসহ নিহত কাউন্সিলর টিপু হোটেল থেকে বের হন।

এরপর রাত ৮টা ২০ মিনিটের দিকে কক্সবাজার সমুদ্র সৈকতর হোটেল সি গাল পয়েন্টের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর হত্যার রহস্য উন্মোচনে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কাজ করছে। এর মধ্যে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights