জাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ, বাদ পড়লেন যারা

অনলাইন ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন- ২০২৫ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে খসড়া তালিকায় বাদ দেওয়া হয়েছে ছাত্র-জনতার অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের নাম।

আজ শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে সকল শিক্ষার্থী স্নাতক (সম্মান) শ্রেণিতে ৬ বছর অথবা স্নাতকোত্তর শ্রেণিতে ২ বছর অধ্যয়নরত রয়েছেন, শুধু তাদের নাম জাকসু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

খসড়া ভোটার তালিকায় স্নাতক (সম্মান) ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত সব ও স্নাতকোত্তরের ২০২১ থেকে ২০২৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে, বর্তমানে অধ্যয়নরত এম.ফিল, পিএইচ.ডি, উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামের শিক্ষার্থী এবং বিভিন্ন ব্যাচের অনিয়মিত শিক্ষার্থীদের নাম জাকসুর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভোটার তালিকায় কোনোরূপ অস্পষ্টতা বা অসংগতি পরিলক্ষিত হলে, আগামী ১৪ জানুয়ারি, দুপুর ২টার মধ্যে প্রমাণাদিসহ নির্বাচন কমিশন বরাবর লিখিত আবেদন করতে হবে।

এদিকে, গত ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসুর সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বরাবর প্রেরিত উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ছাত্র-জনতার অভ্যুত্থানের শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত শিক্ষার্থীদের নাম তালিকায় অন্তর্ভুক্ত না করার আহ্বান জানিয়েছেন।

উপাচার্যের চিঠিতে বলা হয়েছে, এই বিশ্ববিদ্যালয়ে ১৪ জুলাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে এবং ১৫ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শিক্ষার্থীদের ওপর হামলা, ১৫ জুলাই উপাচার্যের বাসভবন চত্বরে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলা ও ছররা গুলি বর্ষণ এবং ১৭ জুলাই প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা ও ছররা গুলি বর্ষণের ঘটনা তদন্তের জন্য গঠিত কমিটির প্রদত্ত প্রতিবেদনে অভিযুক্ত শিক্ষার্থীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তি স্থগিত থাকবে।

জাকসু নির্বাচন নিয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ তিনটা সাল ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪ অতিক্রম করেছে। ২০২৪ এ আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। ২৪ এর চেতনাকে ধারণ করে এ বছর বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হবে। ২৪ এর চেতনাকে বাস্তবায়ন করাই হবে আমাদের কাজ। ২৪ এর চেতনাকে বাস্তবায়ন করতে সকলকে এগিয়ে আসতে হবে।

এর আগে, গত ৩১ ডিসেম্বর জাকসু নির্বাচন আয়োজনে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনের রোডম্যাপ প্রণয়ন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোডম্যাপ অনুযায়ী, ১০ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৫ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি প্রণয়ন ও ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights