লিটন-তামিমের সেঞ্চুরিতে ঢাকার রানের পাহাড়

অনলাইন ডেস্ক

লিটন-তামিমের সেঞ্চুরিতে দুর্বার রাজশাহীকে পাহাড় সমান ২৫৫ রানের টার্গেট দিয়েছে ঢাকা ক্যাপিটালস। আজ রবিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএলে দিনের দ্বিতীয় খেলায় টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী।

শুরুতে ব্যাটিংয়ে নেমে শক্ত ভিত গড়েন তানজিদ-লিটন জুটি। ইনিংসের ১৬তম ওভারে ব্যক্তিগত শতরান তুলে নেন লিটন কুমার দাস। মাত্র ৪৪ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত খেলেন ৫৫ বলে ১২৫ রানের ইনিংস। তার ব্যাট থেকে ১০টি চার ও নয়টি ছক্কার ইনিংস আসে। এছাড়াও, লিটন এই ম্যাচে টি-টোয়েন্টির পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।

তার সঙ্গে সেঞ্চুরি করেন ওপেনার তানজিদ হাসান তামিমও। বাঁ-হাতি এই ওপেনার খেলেন ৬৪ বলে ১০৮ রানের ইনিংস। বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি ইনিংসটি তিনি ৬টি চারের সঙ্গে ৮টি ছক্কায় সাজান। তাদের জুটি থেকে আসে ২৪১ রান। বিপিএলে যা সর্বোচ্চ জুটির রেকর্ড। তারা ভেঙেছেন ২০১৭ সালে রংপুরের হয়ে ঢাকার বিপক্ষে ব্রেন্ডন ম্যাককুলাম ও ক্রিস গেইলের ২০১ রানের জুটি।

ঢাকা নির্ধারিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ২৫৪ রান করেছে। বিপিএলে যা এক ইনিংসে সর্বোচ্চ রান। এর আগে ২০১৯ ও ২০২৪ সালে চট্টগ্রামে চট্টগ্রামের বিপক্ষে যথাক্রমে রংপুর ও কুমিল্লা করেছিল ওই রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights