রেস্তোরাঁ খাতে বাড়তি ভ্যাট প্রত্যাহার

অনলাইন ডেস্ক

দেশের রেস্তোরাঁর খাবারের বিলের ওপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো। ফলে রেস্তোরাঁয় নতুন করে আর ভ্যাট বাড়বে না। আগের মতোই রেস্তোরাঁর খাবারের বিলের ওপর ৫ শতাংশ ভ্যাট আরোপ হবে।

ভ্যাট ও সম্পূরক কর প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন ও বিক্ষোভের মধ্যেই বাড়তি ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দিলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর মূসক আইন-বিধির দ্বিতীয় সচিব ব্যারিস্টার মোহাম্মদ বদিউজ্জামান মুন্সি এ ঘোষণা দেন। তিনি বলেন, মূল্য সংযোজন কর মূসক ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। রেস্তোরাঁ ও দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করা হয়েছে। রেস্তোরাঁর ক্ষেত্রে আগে যে ৫ শতাংশ মূসক প্রযোজ্য ছিল সেটাই থাকবে। সম্পূরক কর ও অন্যান্য কর বাড়ানোর যে কথা বলা হয়েছে তা রেস্তোরাঁ ও হোটেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইতিমধ্যে এ ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে, আজকের মধ্যে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি হবে।

এনবিআর-এর এই কর্মকর্তার এই ঘোষণার ফলে রেস্তোরাঁর ক্ষেত্রে আগে যে ৫ শতাংশ প্রযোজ্য ছিল, আবার সেই জায়গায় ফিরে গেল। এর আগে, মূল্য সংযোজন কর-মূসক বা ভ্যাট ও সম্পূরক কর প্রত্যাহারের দাবিতে এনবিআরের সামনে মানববন্ধনের ডাক দেয় রেস্তোরাঁ ও হোটেল মালিক-কর্মচারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights