চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে দুই জোড়া ট্রেন

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে আগামী ১ ফেব্রুয়ারি থেকে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস নামে দুই জোড়া নতুন ট্রেন চলবে। সোমবার রেলওয়ে পূর্বাঞ্চলের চীফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট কার্যালয় থেকে এসিওপিএস কামাল আখতার হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মাধ্যমে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার ও তৎসংলগ্ন এলাকার যাত্রী এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণের জন্য চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুই জোড়া ট্রেন পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যা আগামী ১ ফেব্রুয়ারি থেকে চলাচল করবে। ট্রেন দুটি হলো ৮২১/৮২৪ (সৈকত এক্সপ্রেস) ও ৮২২/৮২৩ (প্রবাল এক্সপ্রেস)। ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে সোমবার।

রেলওয়ে পূর্বাঞ্চল সূত্রে জানা যায়, নতুন দুটি ট্রেন আগামী ১ ফেব্রুয়ারি থেকে চলাচল শুরু করবে। এর মধ্যে সৈকত এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সকাল ৬টা ৩০ মিনিটে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে সকাল ১০টায়। অন্যদিকে প্রবাল এক্সপ্রেস কক্সবাজার থেকে সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে দুপুর ২টা ১৫ মিনিটে। আর প্রবাল এক্সপ্রেস দুপুর ২টা ৪৫ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে। আর সৈকত এক্সপ্রেস সন্ধ্যা ৭টায় কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে রাত ১০টা ৩০ মিনিটে। দুই ট্রেনের সব যাত্রাতেই আছে ১৬টি কোচ, প্রতিটি কোচে আসন সংখ্যা ৭৪৩। ট্রেন দুটির মধ্যে সৈকত এক্সপ্রেস বিরতি দেবে ৮টি স্টেশনে। এগুলো হলো- ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলহাজারা ও রামু। আর প্রবাল এক্সপ্রেস থামবে ১০টি স্টেশনে। স্টেশনগুলো হল- ষোলশহর, গুমদন্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলহাজারা, ইসলামাবাদ ও রামু।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম-কক্সবাজার রেল পথে দুটি ট্রেন চলাচল করবে। এর মাধ্যমে এ অঞ্চলের মানুষের চাহিদা পূরণ করা হল। আশা করি পর্যটকরা নিরাপদ ও স্বাচ্ছন্দে ভ্রমণ করতে পারবেন।

জানা যায়, রেলওয়ের ‘চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের কাছে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ’ শীর্ষক প্রকল্পের অধীন প্রায় ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০৩ কিলোমিটার দৈর্ঘ্যের রেলপথ নির্মাণ করা হয়। প্রকল্পের মেয়াদ আছে আগামী জুন মাস পর্যন্ত। বর্তমানে প্রকল্পের অগ্রগতি ৯৮ শতাংশ। তবে নির্মাণ কাজ শেষ না হলেও ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে নতুন রেলপথে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস নামে দুটি ট্রেন চলাচল শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights