মালয়েশিয়া যাওয়ার পথে ১৯ রোহিঙ্গা আটক
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ১৯ রোহিঙ্গা, ২ বাংলাদেশি এবং তাদের পাচারে জড়িত তিন দালালকে আটক করেছে পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) গভীর রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক তিন দালাল হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার জাফর আলম (৩০), মুজিব উল্লাহ (৩২), এবং হামিদ উল্লাহ (৩২)। উদ্ধার হওয়া ১৯ জনের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী এবং ১২ জন শিশু রয়েছে। তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প এবং আশপাশের এলাকায় বসবাসকারী রোহিঙ্গা।
কক্সবাজার জেলা পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে মানবপাচারকারী একটি চক্র কচ্ছপিয়া এলাকায় ১৯ জনকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জমায়েত করেছে। এসআই বদিউল আলমের নেতৃত্বে চালানো অভিযানে ১৯ জন ভিক্টিম এবং তিন পাচারকারীকে আটক করা হয়।’
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, আটকরা নৌপথে মালয়েশিয়া ও থাইল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় জাফর আলমের বসতঘরের পেছনে তাদের জমায়েত করা হয়েছিল। পুলিশের সঙ্গে নৌবাহিনীর যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়।’
