ট্রাম্পের সঙ্গেই নতুন পরমাণু চুক্তির প্রত্যাশা ইরানের

অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেই একটি নতুন পরমাণু চুক্তির আশা প্রকাশ করেছে ইরান। বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশগ্রহণের সময় এই আশাবাদ ব্যক্ত করেছেন ইরানের কৌশলগত বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ।

যুক্তরাষ্ট্র নতুন চুক্তিতে রাজি হবে কিনা এমন প্রশ্নের জবাবে জারিফ বলেন, আমি আশা করি যে এবার দ্বিতীয় ট্রাম্প প্রশাসন আরও গুরুতর, আরও মনোযোগী ও আরও বাস্তববাদী হবে।

২০১৫ সালে চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যসহ যুক্তরাষ্ট্র ও ইরান জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামের একটি চুক্তিতে পৌঁছায়। চুক্তি মোতাবেক ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। শর্ত মেনে চলার বদলে সে সময় ইরানের ওপর আরোপ করা বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

তবে ২০১৮ সালে একতরফাভাবে ওই চুক্তি থেকে বেরিয়ে যান ডোনাল্ড ট্রাম্প। চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন। তবে হোয়াইট হাউস জো বাইডেন ফিরলে পুরোনো ওই চুক্তিতে ফেরার কথা বলেছিলেন তিনি। এ লক্ষ্যে বিশ্বশক্তিগুলো বিভিন্ন সময় আলোচনা করলেও তা সফল হয়নি।

গত ২০ জানুয়ারি ট্রাম্প দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলে চুক্তির বিষয়টি নতুন করে আলোচনায় আসে। গত কয়েক মাসে কয়েকটি ইউরোপীয় দেশ এ বিষয়ে ইরানের সঙ্গে আলোচনাও করে। তবে এখন দেখার ইরানের সঙ্গে পরমাণু চুক্তির বিষয়টি নিয়ে কোন পথে হাঁটেন ট্রাম্প।- আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights