স্কুল ছাত্র হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, এক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে স্কুল ছাত্র রাব্বি হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি জানিয়েছে এলাকাবাসী। শনিবার সকাল সাড়ে ১০টায় মহাসড়কের রহমতপুর ব্রিজ এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাবুগঞ্জ উপজেলাবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন বেলা ১২টা পর্যন্ত চলে।

দেড় ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে চলা মানববন্ধনে হত্যার শিকার রাব্বির বাবা বাচ্চু হাওলাদার, মা ও চাচী বক্তব্য দেন। তারা হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানান। ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারে আল্টিমেটামও দেওয়া হয়।

আল্টিমেটাম দেওয়ার তিন ঘণ্টা পর মামলার আসামি মো. সাকিবকে (২৭) গ্রেফতার করে পুলিশ। সাকিব পূর্ব রহমতপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করায় সড়কের দুই প্রান্তে বিপুল সংখ্যক যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। বেলা ১২টার দিকে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির হোসেন সিকদার আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলে মহাসড়ক ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, গত বুধবার সকালে বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর গ্রামের বাসিন্দা বাচ্চু হাওলাদারের এসএসসি পরীক্ষার্থী ছেলে রাব্বি হাওলাদারের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রাব্বির ভাই সাব্বির হাওলাদার বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা করেন। মামলায় নামধারী ৪ জনসহ অজ্ঞাতনামা আরও ৬ জনকে আসামি করা হয়।

এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির হোসেন সিকদার বলেন, মামলা দায়েরের পর থেকে আসামিদের গ্রেফাতারে পুলিশ অভিযান পরিচালনা করছে। এক আসামিকে গ্রেফতার হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights