পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ ‘সন্ত্রাসী’ নিহত

অনলাইন ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে দু’জন রিংলিডারসহ ৩০ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরও আটজন।

শনিবার দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার লক্ষ্মী মারওয়াত জেলায় গোপন তথ্যের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ১৮ সন্ত্রাসী নিহত এবং ছয়জন আহত হয়। এছাড়া, কারক জেলার আরেক অভিযানে আট সন্ত্রাসী নিহত হয়।

তৃতীয় অভিযান পরিচালিত হয় খাইবারের বাগ এলাকায়। সেখানে রিংলিডার আজিজুর রহমান আলিয়াস ক্বারি ইসমাইল এবং মুখলিসসহ চার সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করে নিরাপত্তা বাহিনী। তাদের দুই সহযোগী অভিযানে আহত হয়। ঘটনাস্থল থেকে থেকে বিপুল অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

তারা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে এবং নিরীহ সাধারণ মানুষ হত্যার মতো বহু সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানিয়েছে আইএসপিআর।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি নিরাপত্তা বাহিনীর এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো, যতক্ষণ তা সম্পূর্ণরূপে নির্মূল না হয়। সূত্র: ডন, এক্সপ্রেস ট্রিবিউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights