আন্তর্জাতিক উৎসবে জায়গা পেল নুহাশের ‘২ষ’

অনলাইন ডেস্ক

তরুণ পরিচালক নুহাশ হ‌ুমায়ূনের ওটিটি সিরিজ ‘পেট কাটা ষ’র দ্বিতীয় মৌসুম ‘২ষ’ এবার যাচ্ছে আন্তর্জাতিক উৎসবে। চার পর্বের এই সিরিজটি সাউথ বাই সাউথ ওয়েস্ট (এসএক্সএসডব্লিউ) চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে।

বিজ্ঞপ্তিতে সিরিজটির প্রযোজনা প্রতিষ্ঠান চরকি জানিয়েছে, মার্চের ৭ তারিখ থেকে শুরু হয়ে এই উৎসব চলবে ওই মাসের ১৫ তারিখ পর্যন্ত। উৎসবের এপিসোডিক ক্যাটাগরিতে ‘২ষ’ সিরিজের প্রিমিয়ার হবে। নুহাশ জানিয়েছেন, ‘২ষ’ সিরিজের এই প্রাপ্তিতে তিনি খুবই ‘আনন্দিত’।

নুহাশ বলেন, “সিরিজের কলাকুশলী, অভিনয়শিল্পীসহ পুরো ইউনিটের সবার প্রতি কৃতজ্ঞ। তারা ছাড়া সম্পূর্ণ স্থানীয় গল্প ও ঢংয়ে এমন আন্তর্জাতিক মানের কাজ করা সম্ভব ছিল না।”

‘২ষ’ র গল্পগুলো ফ্যান্টাসি, হরর ও মিস্ট্রি ঘরানার। যেখানে প্রচলিত ভৌতিক ধারণার বাইরে গিয়ে নুহাশ গল্পে দেখিয়েছেন মানুষের অন্তর্গত লালসা ও ক্রোধকে। এই গল্পগুলো লিখেছেন নুহাশ ও তার মা গুলতেকিন খান। এই প্রথমবারের মত কোনো সিরিজের জন্য গল্প লিখেছেন কবি গুলতেকিন। সিরিজের গল্পগুলো হলো ‘ওয়াক্ত’, ‘ভাগ্য ভালো’, ‘অন্তরা’ ও ‘বেসুরা’। প্রতিটি গল্পের রয়েছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা।

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে গত বছরের ১৮ ডিসেম্বর থেকে প্রচার শুরু হয় সিরিজটি শেষ হয় গত ৯ জানুয়ারি। সিরিজের বিভিন্ন পর্বে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু, রাফায়াতুল্লাহ সোহান, টুনটুনি হামিদ, আদনান আদীব খান, সামিয়া অথৈ, অনিমেষ দাস, স্নিগ্ধা দেবী, আর্নিকা দেবী অর্থি, এরফান মৃধা শিবলুসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights