গাজীপুরে বাগান থেকে লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে হাত বেঁধে ও গলায় ছুরিকাঘাত করে অটোরিক্সা চালক এক কিশোরকে খুন করেছে দুর্বৃত্তরা। রবিবার তার লাশ গাজীপুর সিটি করপোরেশনের দেশীপাড়া পূর্বপাড়া এলাকার মেহগনি গাছের একটি বাগান থেকে উদ্ধার করা হয়। নিহতের নাম-জাহিদ (১৫)। সে সাতক্ষীরা জেলার সদর থানার কোচপুকুর বাবুলিয়া এলাকার হজরত আলীর ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি জিয়াউল ইসলাম ও নিহতের স্বজনরা জানান, গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন পশ্চিম চান্দনা গ্রামে ভাড়া বাসায় থেকে এলাকায় অটোরিক্সা চালাতো জাহিদ। শনিবার রাতে যাত্রী বহনের জন্য রিক্সা নিয়ে বাসা থেকে বের হয় সে। এরপর নিখোঁজ হয় জাহিদ। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পায় নি। রবিবার সকালে দেশীপাড়া পূর্বপাড়া এলাকার মেহগনি বাগানের ভিতরে তার রক্তাক্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের দু’হাত পেছনে কাপড় (সার্ট) দিয়ে বাঁধা ছিল এবং গলার মাঝখানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার রিক্সাটি নিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights