সাত কলেজের স্নাতক ভর্তি পরীক্ষা যে কাঠামোয়, জানাল ঢাকা বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি থেকে বাতিল হওয়া সরকারি সাত কলেজের স্নাতক ২০২৪-২৫ সেশনের (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা তাদের নিজ কাঠামোয় সম্পন্ন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন চলমান ঢাকার বড় সাতটি কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। গতকাল বুধবার এক সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত দেয়। সাত কলেজে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক) চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ৬ জানুয়ারি শুরু হয়। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত তা চলার কথা ছিল। ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল আগামী এপ্রিলে।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটের বার্তায় বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত ও অধিভুক্ত ১৮২টি কলেজ/ইনস্টিটিউটের মধ্যে সাধারণ শিক্ষা ধরনের ঢাকায় অবস্থিত সরকারি সাতটি কলেজের সম্মানজনক পৃথকীকরণের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট বিভিন্ন প্রোগ্রামে ভর্তির আবেদন গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই কলেজসমূহের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির পরবর্তী নির্দেশনা মোতাবেক তাদের নিজ কাঠামোর (বিশ্ববিদ্যালয় বা অন্য কিছু) ওয়েবসাইটে আবেদন সম্পন্ন করা হবে। এই ওয়েবসাইটে আবেদনকৃত শিক্ষার্থীদের তথ্য ও ভর্তি পরীক্ষার জমাকৃত ফি (মোট ৩৩,১০১টি আবেদন) নতুন কাঠামোর ভর্তি পরীক্ষার আয়োজকদের সরবরাহ করা হবে। একই সঙ্গে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে আগ্রহী হয়ে আবেদন করেছেন, কিন্তু নুতন কাঠামোতে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী নন, তাদের ভর্তি পরীক্ষার ফি ফেরত দেওয়ার ব্যবস্থা পরে গ্রহণ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় দায়িত্বশীলতার সঙ্গে টাকা ফেরত দেয়ার বিষয়টি দেখভাল করবে।

উল্লেখ্য, ‘ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি’, এবং ‘গার্হস্থ্য অর্থনীতি’ ধরনের বিশেষায়িত কলেজগুলোর ভর্তি আবেদন গ্রহণ চলমান রয়েছে।

এর আগে গত সোমবার এসব কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিলের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এসব কলেজে শিক্ষার্থী ভর্তি না করার ঘোষণা দেওয়া হয়। এখন এসব কলেজের ভর্তি পরীক্ষা কীভাবে হবে, সেটি জানানো হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights