ডেস্কটপ কম্পিউটার বারবার হ্যাং হলে কী করতে হবে?
ডেস্কটপ কম্পিউটার হ্যাং হওয়া একটি সাধারণ সমস্যা, যা কাজের সময় বিরক্তির সৃষ্টি করে। এই সমস্যা বিভিন্ন কারণে হতে পারে, যেমন হার্ডওয়্যার সমস্যা, সফটওয়্যার কনফ্লিক্ট, অথবা অপ্রয়োজনীয় প্রোগ্রামের কারণে। দেখে নিন কীভাবে ডেস্কটপ বারবার হ্যাং হলে তা সমাধান করতে পারেন-
সিস্টেম রিসোর্স চেক করুন
ডেস্কটপ হ্যাং হওয়ার সবচেয়ে সাধারণ কারণ হলো সিস্টেম রিসোর্সের অভাব। র্যাম বা সিপিউ বেশি ব্যবহৃত হলে এটি ঘটতে পারে। টাস্ক ম্যানেজার খুলে দেখুন কোন প্রোগ্রাম বেশি রিসোর্স ব্যবহার করছে। এটা করতে হলে- উইন্ডোজের সার্চ বারে টাস্ক ম্যানেজার লিখে ওপেন করুন। প্রসেসেস ট্যাবে যান এবং রিসোর্স ব্যবহারকারী প্রোগ্রামগুলো চিহ্নিত করুন। অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করুন।
অপ্রয়োজনীয় স্টার্টআপ প্রোগ্রাম বন্ধ করুন
অনেক সময় ডেস্কটপ চালু করার সময় অনেক প্রোগ্রাম অটো স্টার্ট হয়, যা সিস্টেমকে ধীর করে দেয়। যেভাবে করবেন- প্রথমে টাস্ক ম্যানেজারে যান এবং স্টার্টআপ ট্যাব নির্বাচন করুন। অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলোকে নির্বাচন করে ডিজেবল করুন।
ড্রাইভার আপডেট করুন
হার্ডওয়্যার ড্রাইভার পুরোনো হলে সিস্টেমে সমস্যার সৃষ্টি করতে পারে। গ্রাফিক্স ড্রাইভার, সাউন্ড ড্রাইভার এবং অন্যান্য ড্রাইভার নিয়মিত আপডেট করা উচিত। এসব ড্রাইভার আপডেট করতে- ডিভাইস ম্যানেজারে যান। প্রতিটি ড্রাইভারে রাইট ক্লিক করে আপডেট ড্রাইভার নির্বাচন করুন।
ডিস্ক ক্লিনআপ করুন
অপ্রয়োজনীয় ফাইল এবং ক্যাশে ফাইল কম্পিউটারের কার্যকারিতা কমিয়ে দেয়। ডিস্ক ক্লিনআপ করলে আপনার সিস্টেম দ্রুত হয়ে উঠবে। যেভাবে করবেন- উইন্ডোজ সার্চ বারে ডিস্ক ক্লিনআপ লিখুন। ফাইলগুলো চিহ্নিত করুন এবং ক্লিনআপ সম্পন্ন করুন।
