দল বিদায়ের সঙ্গে শাস্তি পেলেন তানজিম সাকিব

অনলাইন ডেস্ক
চলতি বিপিএলে বাজে পারফরম্যান্সের কারণে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে সিলেট স্ট্রাইকার্স। দলের বিদায়ের সঙ্গে শাস্তি পেলেন সিলেটের পেসার তানজিম সাকিব।

টুর্নামেন্টে আগ্রাসী মনোভাবের জন্য শাস্তি পেয়েছেন সাকিব। ৪টি ডিমেরিট পয়েন্ট পেয়ে দুই ম্যাচে নিষিদ্ধ থাকতে হবে তাকে।

এর আগে আইসিসির কাছ থেকেও ডিমেরিট পয়েন্ট পাওয়ার অভিজ্ঞতা আছে তার। এবারের বিপিএলে সর্বোচ্চ ৪টি ডিমেরিট পয়েন্ট পেলেন এই পেসার।

ফলে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সাকিব যে দলেই খেলবেন প্রথম দুই ম্যাচে নিষিদ্ধ থাকতে হবে তাকে। ২৪ মাসে চার ডিমেরিট পাওয়ার শাস্তি হিসেবেই দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন তিনি। সেটা শুধু কার্যকর হচ্ছে ঘরোয়া ক্রিকেটেই।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে তাঁর কোনো বাধা থাকছে না। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সেই দলে আছেন তিনি।

সাকিবের ঘটনাটি সিলেটের গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিটাগাং কিংসের বিপক্ষে। সেই ম্যাচে তৃতীয় ওভারে গ্রাহাম ক্লার্ককে ফিরিয়েছিলেন সাকিব।

এরপর এই ব্যাটারকে উদ্দেশ্য করে কিছু বলতে শোনা যায় এই পেসারকে। এই বিষয়টি নজর এড়ায়নি দুই অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও মোর্শেদ আলী খানের।

ম্যাচ শেষে তারা সাকিবের নামে ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেন। এরপর ম্যাচ রেফারি এহসানুল হক সেজান একটি ডিমেরিট পয়েন্ট দেন সাকিবকে।

এর আগে গত ১২ জানুয়ারি খুলনা তাইগার্সের অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন সাকিব। সেই সঙ্গে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও করা হয়েছিল তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights