সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি:
যমুনা সেতু পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলীবাড়ীতে বাস চাপায় ভ্যানযাত্রী স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় ভ্যানচালকসহ তিনজন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পুর্ববাঐতারা গ্রামের গোলাম হোসেনের স্ত্রী মো. শফিকুল ইসলাম (৪৫), তার স্ত্রী সুমনা খাতুন (৩৮) এবং শফিকুল ইসলামের বোন লাকী খাতুন (২২)।
যমুনা সেতু পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সন্ধ্যার পর মুলিবাড়ী ওভারব্রিজের কাছে ৬ জন যাত্রীসহ একটি অটোভ্যান মহাসড়ক পার হচ্ছিল। এ সময় একটি বাস অটোভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যায়।
