সৌদি আরবে উট দৌড় প্রতিযোগিতায় বেড়েছে নারীদের অংশগ্রহণ

অনলাইন ডেস্ক

সৌদি আরবে উট দৌড় প্রতিযোগিতায় বেড়েছে নারীদের অংশগ্রহণ। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগের তুলনায় এই প্রতিযোগিতায় নারীদের অংশগ্রহণ দ্বিগুণ বেড়েছে।

জানা গেছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে গত ২৭ জানুয়ারি শুরু হয়েছে কাস্টোডিয়ান অব দ্য টু হোলি মস্ক ক্যামেল ফেস্টিভ্যাল ২০২৫। এতে গত বছরের তুলনায় নারীদের অংশগ্রহণ শতভাগ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

নারীদের অংশগ্রহণ বাড়ার কারণে আয়োজক কমিটি এবার একটি নতুন রেস সংযোজন করেছে, যেখানে ১৮ জন সৌদি নারী উট দৌড় প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছেন।

উট দৌড়ের এই বিশেষ আয়োজনটি সৌদি ক্যামেল ফেডারেশন কর্তৃক আয়োজিত এবং উৎসবটির দ্বিতীয় সংস্করণ শুরু হয় ২৭ জানুয়ারি। রিয়াদের জনাদ্রিয়া ক্যামেল রেস ট্র্যাকে ১০ দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, যা শেষ হবে আগামী ৫ ফেব্রুয়ারি।

গত বছর অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৯টি দেশের ১৫ জন নারী অংশ নিয়েছিলেন। এবার ১৩টি দেশের মোট ৩০ জন নারী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এবারের আসরে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে- আলজেরিয়া, বাহরাইন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ওমান,কাতার, পোল্যান্ড, সৌদি আরব, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও ইয়েমেন।

এবার নারীদের অংশগ্রহণ বৃদ্ধির পাশাপাশি পুরস্কারের পরিমাণও বাড়ানো হয়েছে। গত বছর নারীদের জন্য নির্ধারিত পুরস্কারের পরিমাণ ছিল ১,৮৮,০০০ সৌদি রিয়াল, যা এবার বেড়ে ৩,৭৬,০০০ সৌদি রিয়ালে উন্নীত হয়েছে। এবারের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী নারী প্রতিযোগী পাবেন ৬০,০০০ সৌদি রিয়াল।

উট দৌড়ের এই প্রতিযোগিতা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ইভেন্ট হিসেবে বিবেচিত। এবারের উৎসবে মোট পুরস্কারের পরিমাণ ৭০ মিলিয়ন সৌদি রিয়াল, যা অংশগ্রহণকারী প্রতিযোগীদের জন্য বিশেষ প্রণোদনা হিসেবে কাজ করছে।

উল্লেখ্য, সৌদি আরবে সাম্প্রতিক বছরগুলোতে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। উট দৌড়ের মতো ঐতিহ্যবাহী খেলায় নারীদের উপস্থিতি নতুন দিগন্তের সূচনা করেছে। সূত্র: আরব নিউজ, কেএসএ, প্লাটিনাম লিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights