শিশুর গলা কাটা লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার লালমাই পাহাড় থেকে মো. রিফাত হোসেন (৯) নামের এক শিশুর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের চন্ডিমুড়া এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত রিফাত হোসেন পার্শ্ববর্তী বরুড়া থানার চন্ডিপুর গ্রামের আবদুর রশিদের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরের পর থেকে রিফাত নিজ বাড়ি থেকে বের হয়। তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বরুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সোমবার চন্ডিমুড়া পাহাড়ে শিশুর গলা কাটা লাশ পাওয়ার খবরে স্বজনরা এসে রিফাত বলে শনাক্ত করেন। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রিফাতের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পাহাড়ে মরদেহ ফেলে যায়। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights