লায়লাকে হত্যাচেষ্টা মামলায় টিকটকার ‌‘প্রিন্স’ মামুনের বিচার শুরু

সোশাল মিডিয়ার পরিচিত মুখ লায়লা আখতার ফরহাদকে ‘মারধর ও হত্যাচেষ্টার’ অভিযোগে ক্যান্টনমেন্ট থানার মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মো. মাহবুবুল হক আসামির অব্যাহতি আবেদন নাকচ করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

বাদী পক্ষের আইনজীবী ইসরাত হাসান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আসামি মামুন এদিন আদালতে উপস্থিত ছিলেন। তার আইনজীবী মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন খারিজ করে দেয়। সেইসঙ্গে অভিযোগ গঠন করে আগামী ১ মার্চ এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করে দেয়।

২০২৩ সালের ১২ ডিসেম্বর ক্যান্টনমেন্ট থানায় এ মামলা দায়ের করেন লায়লা আখতার ফরহাদ। সেখানে বলা হয়, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রিন্স মামুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। দুই পরিবারের সম্মতিতে বিয়ের কথাও চূড়ান্ত হয়। তখন থেকে মামুন বারিধারা ডিওএইচএসে লায়লার বাসায় থাকতে শুরু করেন।

আর্জিতে বলা হয়, তখন থেকে মামুন বিভিন্ন অজুহাতে লায়লার কাছ থেকে টাকা নিতেন। প্রায়ই মাদক সেবন করে গভীর রাতে বাসায় আসতেন। অশ্লীল ভাষায় কথা বলতেন। এমনকি মাঝে মধ্যে লায়লাকে মারধর করতেন।

২০২৩ সালের ১১ ডিসেম্বর উত্তরায় একটি জন্মদিনের অনুষ্ঠান শেষে বাসায় ফেরেন তারা। এ সময় মামুনসহ আরও দুজন মদপানের জন্য মিরপুরে যাওয়ার পরামর্শ করেন। লায়লা তাকে নিষেধ করেন এবং বাধা দেন। এতে উত্তেজিত হয়ে মামুন ‘গালি’ দেন লায়লাকে।

অভিযোগে বলা হয়, গালি দিতে নিষেধ করলে লায়লাকে মারধর করে ‘হত্যার চেষ্টা’ করেন মামুন।

তদন্ত শেষে গত বছরের ৩১ জানুয়ারি মামুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় ক্যান্টনমেন্ট থানা পুলিশ। পরে ওই বছরের ৩ জুন অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।

সে সময় পলাতক থাকায় প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে ৪ জুন মামুন আত্মসমর্পণ করে জামিন পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights