নারীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, রংপুর:
রংপুরের পীরগঞ্জের চতরায় এক নারীর মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামের একটি শিম ক্ষেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। প্রাথমিকভাবে পাওয়া তথ্য মতে ওই নারী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দিলালপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে। বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কারা মস্তকবিহীন ওই নারীর লাশ ফেলে চলে যায়। দেহ পাওয়া গেলেও মাথার অংশ এখনো পাওয়া যায়নি।
পুলিশ ও ন্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার সকালে রওশনয়ারা নামে এক মহিলা মরিচ ক্ষেতে মরিচ উঠানোর জন্য এলে পাশের শিম ক্ষেতে ওই মহিলার মস্তক বিহীন লাশ দেখতে পায়। এরপর তার ডাক চিৎকারে এলাকার লোকজন এসে থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) সাইফল ইসলাম বলেন.প্রাথমিক তথ্য মতে ওই নারী গোবিন্দগঞ্জ উপজেলার রবিউল ইসলামের মেয়ে। গোবিন্দগঞ্জ থানায় খবর পাঠানো হয়েছে। সেখান থেকে ম্যাসেজ এলে নিহতের পরিচয় নিশ্চত হওয়া যাবে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা অনুসন্ধান চলছে।
