গাজা দখলের পরিকল্পনা ট্রাম্পের গুরুতর অপরাধ: সিরিয়ার বিদ্রোহী প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসন এবং ওই উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা ‘একটি গুরুতর অপরাধ, যা শেষ পর্যন্ত ব্যর্থ হবে’ বলে মন্তব্য করেছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

সোমবার যুক্তরাজ্যের ‘দ্য রেস্ট ইজ পলিটিক্স’কে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন সিরিয়ার বিদ্রোহী এই প্রেসিডেন্ট।

এর আগে গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দাদের অন্য কোথাও স্থানান্তরিত করার পর এর নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। পরে এই উপত্যকায় অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে।

এ বিষয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের প্রস্তাবের আওতায় ফিলিস্তিনিদের আর গাজায় ফিরে আসার অধিকার থাকবে না।

তিনি বলেছেন, “গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাব সফল হবে না।’’

তিনি বলেছেন, “আমি বিশ্বাস করি কোনও শক্তিই ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে তাড়িয়ে দিতে পারবে না। অনেক দেশ এটি করার চেষ্টা করেছে এবং তারা সকলেই ব্যর্থ হয়েছে। বিশেষ করে গত দেড় বছর ধরে গাজায় সাম্প্রতিক যুদ্ধের সময় এই চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে।”

হায়াত তাহরির আল-শামের যোদ্ধারা বাশার আল-আসাদকে উৎখাতের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর আহমেদ আল-শারাকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে দূরে সরিয়ে দেওয়ার প্রয়াসে ট্রাম্পের নেতৃত্ব দেওয়াটা নৈতিক বা রাজনৈতিকভাবে সঠিক হবে না।

আহমেদ আল-শারা বলেন, “৮০ বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাতে ফিলিস্তিনিদের স্থানচ্যুত করার সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। যারা চলে গেছেন, তারা তাদের সিদ্ধান্তের জন্য আফসোস করেছেন। নিজেদের ভূখণ্ড ধরে রাখার ফিলিস্তিনি শিক্ষা সেখানকার প্রত্যেকটি প্রজন্মই গ্রহণ করেছে।” সূত্র: রয়টার্স, আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights