গাজা নিয়ে ট্রাম্পের বক্তব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : জামায়াত

অনলাইন ডেস্ক

আগামী ১৫ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে গাজায় আটকে রাখা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে ‘গাজা জাহান্নাম হয়ে যাবে’ বলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, গাজায় আটকে রাখা সব ইসরায়েলি জিম্মিকে আগামী ১৫ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে মুক্তি না দিলে ‘গাজা জাহান্নাম হয়ে যাবে’ বলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১০ ফেব্রুয়ারি যে হুমকি দিয়েছেন আমি তার নিন্দা জানাচ্ছি।

ইসরায়েলিরা গাজায় যুদ্ধ বিরতির চুক্তির শর্ত লঙ্ঘন করার কারণেই হামাস বন্দি মুক্তি স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়েছে। এ পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাকে জাহান্নাম বানানোর হুমকি দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। তার এ হুমকি সম্পূর্ণ অন্যায়, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত।

তিনি আরও বলেন, তার এ উসকানিমূলক হুমকিতে সারা বিশ্বের শান্তিকামী মানুষ হতবাক ও বিস্মিত। এ হুমকি প্রদান করে তিনি আবার মধ্যপ্রাচ্যে অশান্তির আগুন জ্বালানোর ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন। তার বক্তব্যে গোটা বিশ্বে তীব্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং আরব দেশগুলোর মধ্যে তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের হুমকি প্রদান করা থেকে বিরত থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধ বিরতির চুক্তি সম্পূর্ণরূপে কার্যকর করতে ইসরায়েলিদের বাধ্য করার জন্য আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights