শিক্ষককে হেনস্তার দায়ে কুবির দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার

কুমিল্লা প্রতিনিধি

প্রক্টরিয়াল বডির কর্তব্য পালনে বাধা, শিক্ষককে হেনস্তা এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই ছাত্রলীগ নেতা ও শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত ভিন্ন দুই অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বহিষ্কারকৃত শিক্ষার্থীরা হলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালমান চৌধুরী হৃদয় এবং লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত উল্লাহ।

অফিস আদেশে বলা হয়, গত ৩০ জানুয়ারি আনুমানিক রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এরিয়াল ইডির কর্তব্য পালনে বাধা, শিক্ষককে হেনস্থা এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. সালমান চৌধুরী হৃদয় ও মোহাম্মদ এনায়েত উল্লাহকে গত ১ ফেব্রুয়ারি কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। শিক্ষার্থীদের প্রদত্ত কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য বিবেচিত না হওয়ায় তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী বলেন, শোকোজের জবাবটা গ্রহণযোগ্য না হওয়ায় প্রশাসনের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, তাদের বিরুদ্ধে গত ৩০ জানুয়ারি রাত সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির দায়িত্ব পালনকালে বাধা প্রদান এবং বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের দিকে তেড়ে আসেন বলে অভিযোগ ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights