রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার; চাহিদা বেশি মাঝারি আকারের ফ্ল্যাটের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ক্রেতা-দর্শনার্থীর ভিড়ে জমজমাট রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার। শনিবার তৃতীয় দিনে বিপুল দর্শনার্থীর সমাগম ঘটে। ক্রেতারা পছন্দ মতো ফ্ল্যাট ও প্লটের বুকিং দিচ্ছেন। আবার অনেকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের স্টলে গিয়ে নিচ্ছেন গৃহঋণের খোঁজখবর। এক ছাতার নিচে সব ধরনের সুযোগ-সুবিধা থাকায় রিহ্যাব ফেয়ার ঘিরে ক্রেতা- বিক্রেতাদের সব সময় বাড়তি আগ্রহ থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। মেলা উপলক্ষে ফ্ল্যাট ও প্লট বুকিংয়ে কোম্পানিগুলোর পক্ষ থেকে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। বিক্রেতারা জানান, সবচেয়ে বেশি চাহিদা মাঝারি সাইজের ফ্ল্যাটের।

বন্দরনগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’তে চারদিনের এ মেলা শেষ হবে রবিবার। এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকছে। প্রবেশ টিকিটের রাফেল ড্র-তে থাকছে আকর্ষণীয় পুরস্কার।

রিহ্যাব পরিচালক এবং চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান বলেন, মেলার মাধ্যমে আবাসন খাতের অচলাবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করছে বিভিন্ন প্রতিষ্ঠান।তিনি জানান, মেলায় অধিকাংশ ক্রেতা মাঝারি সাইজের ফ্ল্যাটের খোঁজ নিচ্ছেন।

রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার বলেন, আবাসন খাত নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। বৈষম্যমূলক ড্যাপ সংশোধন হলে মেলার মাধ্যমে আবাসন খাত ঘুরে দাঁড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights