‘সময়মতো নির্বাচন দিলে যত ফুলের মালা পরাবো তার ওজন সইতে পারবেন না’

অনলাইন ডেস্ক

সময়মতো নির্বাচন দিলে গলায় যত ফুলের মালা পরাবো তার ওজন সইতে পারবেন না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমার পক্ষ থেকে অন্তর্বতী সরকারের প্রতি বিনীত অনুরোধ, একটা নির্বাচন আদায় করার জন্য জনগণকে যেন রাস্তায় গুলি খেয়ে মরতে না হয়। আপনারা সময় মতো নির্বাচনটা দেন তাতে আপনারা ফুলের পাপড়িতে ঢাকা পরবেন। আপনাদের গলায় যত মালা পরাবো তত মালার ওজন আপনারা সইতে পারবেন না।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দলের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আপনাদের আমরা সম্মানের সঙ্গে এনেছি, সম্মানের সঙ্গে বিদায় করতে চাই, আপনারা দায়িত্বটা পালন করেন। আর যদি আমাদের শেষ পর্যন্ত মাঠে নামান কতটুকু সময় টিকবেন সেটা একটু ভেবে দেখবেন।

গয়েশ্বর বলেন, আশা করি আমাদের ধৈর্যের বাঁধ ভাঙার আগেই অন্তর্বর্তী সরকার যথাযথভাবে নির্বাচনের উদ্যোগ গ্রহণ করবে। নির্বাচনের মাধ্যমে ফয়সালা হয়ে যাবে জনগণ কাকে ক্ষমতা দেবে। জনগণই দেশের মালিক, ক্ষমতার উৎস। সে জনগণ যদি ১৯৭১ এর যুদ্ধের বিরোধীদের ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আনে, আমার আপত্তি নেই।

তিনি বলেন, কিন্তু বিএনপি ক্ষমতায় এসে যাবে এজন্য এ সরকারকে রাখতে হবে যে অন্তর্বর্তী সরকার সারাজীবনের জন্য দরকার। আর তারা যতক্ষণ পর্যন্ত সুস্থ-সবল না হবে, নতুন দল না হবে ততদিন পর্যন্ত নির্বাচন দেবেন না এটা তো পক্ষপাতিত্বমূলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights