সচিবালয়মুখী পদযাত্রায় প্রাথমিকে সুপারিশপ্রাপ্তদের ওপর লাঠিচার্জ, জলকামান
অনলাইন ডেস্ক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের সচিবালয়মুখী পদযাত্রায় লাঠিচার্জ চালিয়েছে পুলিশ। আন্দোলনকারীদের ওপর পুলিশ জলকামানও ব্যবহার করেছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর শিক্ষা ভবনের সামনে গেলে পদযাত্রাটি ঠেকিয়ে দেয় পুলিশ।
এর আগে বেলা ১১টায় শাহবাগের জাতীয় জাদুঘর মোড়ে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা। বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে সেখানে তাদের পূর্বঘোষিত মহাসমাবেশ শুরু হয়। বিকেল ৩টার দিকে তারা শাহবাগ থেকে পদযাত্রা শুরু করেন।
শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে হাইকোর্টে মাজার রোডের দিকে যাচ্ছিলেন। পরে হঠাৎ তারা সচিবালয়ের দিকের রাস্তায় রওনা দেন। এ সময় পুলিশ শিক্ষা ভবনের সামনের সড়কে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পরে বিকেল ৪টার দিকে তাদের লাঠিচার্জ এবং জলকামান থেকে পানি ছিটিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
নিয়োগ পুনর্বহালের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা।
