নড়াইলে জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক মনিরুল, সাংগঠনিক সম্পাদক বাবু
শুভ সরকার, নড়াইল
নড়াইলে দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হলো জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দূপুরে লন্ডন থেকে ভার্চুয়ালী যুক্ত হন তারেক রহমান। এর আগে সকাল ১১টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। এসময় বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু, জেলা বিএনপি’র সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, যুগ্ম-সম্পাদক মাহবুব মুর্শেদ জাপল, যুগ্ম-সম্পাদক আলী হাসান, সদর উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক ও সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশসহ অনেকে উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মোট ৭০৭ জন কাউন্সিলরের মধ্যে ৭০১ জন কাউন্সিলর তাঁদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জেলা বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেছেন। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সাবেক সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ৪৫৬ ভোট পেয়ে পুণরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী সাবেক সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল পেয়েছেন ২৩৮ ভোট। তিনজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম ৪৩৬ ভোট পেয়ে আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ পেয়েছেন ২৬৩ ভোট এবং এ পদে কামরুল হাসান প্রার্থী পেয়েছেন মাত্র এক ভোট। সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে খন্দকার এজাজুল হাসান বাবু ২৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্ব›দ্বী মাহবুব মুর্শেদ জাপল পেয়েছেন ২৭২ ভোট, মো. টিপু সুলতান পেয়েছেন ১২৪ ভোট এবং এস এম ফেরদৌস রহমান কোন ভোট পাননি।##
