হাসপাতালে আরও কয়েক দিন থাকবেন পোপ ফ্রান্সিস

অনলাইন ডেস্ক

পাঁচদিন হয়ে গেল হাসপাতালে ভর্তি রয়েছেন পোপ ফ্রান্সিস। এর মধ্যেই গতকাল সোমবার ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়, প্রবীণ ধর্মগুরুর ‘একাধিক জটিল সমস্যা’ (কমপ্লেক্স ক্লিনিক্যাল পিকচার) রয়েছে। যার ভিত্তিতে সংশ্লিষ্ট মহল মনে করছে, আরও দীর্ঘ সময় হাসপাতালেই কাটাতে হতে পারে পোপ ফ্রান্সিসকে। যদিও প্রথম দিকে তেমনটা ভাবা হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, ৮৮ বছর বয়সী এই ধর্মগুরু গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রোমের জেমেলি হাসপাতালে ভর্তি হন ব্রঙ্কাইটিসের চিকিৎসা ও পরীক্ষার জন্য। পরে ভ্যাটিকান সোমবার জানায়, পোপের শ্বাসতন্ত্রে ‘পলিমাইক্রোবিয়াল সংক্রমণ’ ধরা পড়েছে, ফলে তার চিকিৎসায় পরিবর্তন আনা হয়েছে।

গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হওয়ার আগেই তিনি কয়েক দিন ধরে ব্রঙ্কাইটিসের উপসর্গে ভুগছিলেন এবং তার বক্তৃতাগুলো পাঠ করার দায়িত্ব অন্য কর্মকর্তাদের দিয়েছিলেন। তবে পোপ ভালো মেজাজে আছেন বলে ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি সোমবার জানিয়েছেন।

পোপের স্বাস্থ্যের বিষয়ে সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এখন পর্যন্ত সম্পন্ন করা পরীক্ষাগুলো তার জটিল শারীরিক অবস্থার ইঙ্গিত দিচ্ছে, যার জন্য যথাযথ চিকিৎসা প্রয়োজন।’ এ ছাড়া সোমবার পরে আবারও আরেকটি হালনাগাদ বিবৃতি প্রকাশ করা হবে বলে ব্রুনি জানিয়েছেন।

ভ্যাটিকান আরো জানিয়েছে, পোপের সাপ্তাহিক সাধারণ সাক্ষাৎ (যা সাধারণত বুধবার হয়) এই সপ্তাহের জন্য বাতিল করা হয়েছে। এর আগে সপ্তাহান্তে ভ্যাটিকান জানিয়েছিল, পোপের অবস্থা স্থিতিশীল এবং তার পূর্ণ বিশ্রামের প্রয়োজন রয়েছে, যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।

পোপ রবিবার সেন্ট পিটার্স স্কয়ারে তার নিয়মিত প্রার্থনা পরিচালনা করতে পারেননি এবং ক্যাথলিক চার্চের জুবিলি বর্ষ উপলক্ষে শিল্পীদের জন্য বিশেষ প্রার্থনাও আয়োজন করতে পারেননি। গত বুধবার তিনি অসুস্থতার কারণে তার বক্তৃতার একটি অংশ একজন যাজককে পড়ে শোনানোর অনুরোধ করেন।

এ ছাড়া তিনি গত সপ্তাহে ভ্যাটিকানে নিজ বাসভবনে কিছু বৈঠকও করেছেন বিশ্রামের উদ্দেশ্যে।

আর্জেন্টাইন এই ধর্মগুরু ১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগেও ২০২৩ সালের মার্চে তিনি একই হাসপাতালে ব্রংকাইটিসের চিকিৎসার জন্য তিন রাত ছিলেন। ২০২৩ সালের ডিসেম্বরে অসুস্থতার কারণে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত কপ২৮ জলবায়ু সম্মেলনে তার নির্ধারিত সফর বাতিল করতে হয়েছিল। তার জীবনের বিভিন্ন সময়ে বেশ কিছু স্বাস্থ্যগত জটিলতা দেখা দিয়েছে, যার মধ্যে ২১ বছর বয়সে ফুসফুসের একটি অংশ অপসারণ অন্যতম। সূত্র: দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights