শাহরুখকে কেন স্বার্থপর বলেছিলেন সালমান?

অনলাইন ডেস্ক

বলিউডে একসময় শাহরুখ ও সালমান খানের বন্ধুত্বের বিস্তর চর্চা হত। তবে একটা সময়ে সেই বন্ধুত্ব হঠাৎই ভেঙে যায়। সালমানের দাবি, শাহরুখ বন্ধুত্ব রাখতে জানেন না। আর এ মন্তব্যেই ফুঁসে উঠেছিলেন শাহরুখ। দুই খানের ভেতরের বিষয় ছড়িয়ে পড়তেও বেশি সময় লাগেনি। অনুরাগীরাও তাদের ঘটনায় হতবাক।

ঘটনা ২০০৮ সালের। দুই বন্ধু মুখোমুখি হয়েছিলেন ক্যাটরিনা কাইফের জন্মদিনের অনুষ্ঠানে। জমজমাট সেই আড্ডায় হঠাৎই শাহরুখকে নিয়ে ঠাট্টা-ইয়ার্কি শুরু করেছিলেন সালমান। সেই সময়ে ছোট পর্দায় শাহরুখের একটি অনুষ্ঠান হত— ‘কেয়া আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়?’ সেই অনুষ্ঠান নিয়ে মশকরা শুরু করেছিলেন সালমান। এমনকি, শাহরুখকে ‘স্বার্থপর’ বলেও খোঁচা দিয়েছিলেন।

সালমান বলেছিলেন, ‘তুমি খুব স্বার্থপর মানুষ। প্রয়োজন পড়লেই তোমার লোকজনের কথা মনে পড়ে। পরে আর তাদের সঙ্গে তুমি কোনো যোগাযোগ রাখো না।’

সালমানের ছবি ‘ম্যায় অর মিসেস খান্না’ ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে বলা হয়েছিল শাহরুখকে। কিন্তু শাহরুখ রাজি হননি। শাহরুখের এই সিদ্ধান্তের ওপরেই সালমান কটাক্ষ করা শুরু করেছিলেন বলে জানা যায়। তার কারণ, শাহরুখের ‘ওম শান্তি ওম’ ছবিতে ক্যামিও চরিত্রে রাজি হয়েছিলেন সালমান। এমনকি, শাহরুখ সঞ্চালিত এক অনুষ্ঠানেও ক্যাটরিনাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন তিনি। তাই শাহরুখের থেকে প্রত্যাখ্যান মেনে নিতে পারেননি ভাইজান।

শাহরুখও সালমানের অনুষ্ঠান ‘দস কা দম’ নিয়ে খোঁচা দিয়েছিলেন সেই দিন। সব মিলিয়ে বাকযুদ্ধের জেরে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ভেঙে যায় তাদের বন্ধুত্ব। পরে বাবা সিদ্দিকির ঈদের অনুষ্ঠানে ফের দু’জনের বন্ধুত্ব জোড়া লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights