ব্যস্ত সড়কের পাশ থেকে ১০ ড্রাম তেল নিয়ে গেলো ডাকাতরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার থেকে দুই হাজার লিটার ভোজ্য তেল ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৪টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশ থেকে তিনটি দোকানের ২০০ লিটারের ১০টি তেলের ড্রাম পিকাআপ ট্রাকে তুলে নিয়ে যায় ডাকাতরা। এর মধ্যে সাত ড্রাম সোয়াবিন ও তিন ড্রাম সরিষার তেল।

বাজারের সিসিটিভির ফুটেজে দেখা যায়, ভোর ৪টার দিকে একটি পিকআপ গাড়িতে করে ৮-১০ জন আসেন বানেশ্বর মসজিদ মার্কেটের সামনে। এরপর তারা সাগর সৈকত স্টোর নামের একটি দোকানের সামনে থেকে পাঁচ ড্রাম (১ হাজার ১০ লিটার), আল আমিন স্টোরে ১ ড্রাম সরিষার (২১০ লিটার) এবং খাদ্য ভাণ্ডার থেকে ৪ ড্রাম (৮০০ লিটার) তেল পিকাআপে তুলে নিয়ে যায়। ভোর ৪টা ৭ মিনিট থেকে ৪টা ১১ মিনিট এই ৪ মিনিটের মধ্যে তারা ১০ ড্রাম তেল গাড়িতে তুলে নিয়ে চলে যায়। এ সময় রাজশাহী-ঢাকা মহাসড়কে গাড়ি যাতায়াত ছিল।

সাগর সৈকত স্টোর দোকানের মালিক রতন পাল জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। সকালে দোকানে এসে দেখেন দোকানের সামনে সাজানো তেলের ব্যারেল নেই। ব্যারেল না দেখে আল আমিন স্টোরে থাকা সিসিটিভি ফুটেজ চেক করে দেখেন কয়েকজন মানুষ দোকানের সামনে থেকে একের পর এক তেলের ড্রাম পিকআপে তুলছে। এরপর সেগুলো নিয়ে চলে যায়। তার পাঁচ ড্রাম তেল নিয়ে গেছে। এর মধ্যে চার ড্রাম সোয়াবিন ও এক ড্রাম সরিষার তেল। বিষয়টি সঙ্গে সঙ্গে বানেশ্বর বাজার বণিক সমিতির সভাপতি ও পুলিশকে জানানো হয়।
বানেশ্বর বাজার বণিক সমিতির সভাপতি যুবায়ের মণ্ডল বলেন, ‘আমরা তেলের ব্যারেল হারানোর একটি লিখিত অভিযোগ পেয়ে থানায় খবরও দিয়েছি। পরে পুলিশ এসে তদন্ত শুরু করেছে।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, তেল চুরির ঘটনায় থানায় অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশ তৎপরতা চালাচ্ছে। এছাড়াও বাজারের দুই নৈশপ্রহরীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights