অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ পরিত্যক্ত ঘোষণা

তুমুল বৃষ্টির কারণে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে আইসিসি। এতে করে দুই দলের মধ্যে ১টি করে পয়েন্ট ভাগ করে দেওয়া হলো।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জয় পেয়েছিলো দুই দলই। ইংল্যান্ডকে হারিয়ে আসর শুরু করেছিল অস্ট্রেলিয়া। আর দক্ষিণ আফ্রিকা জিতেছিল আফগানিস্তানের বিপক্ষে।

আজ মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বিকেল ৩টায়। তার আগে থেকেই শুরু হয় ঝুম বৃষ্টি। পিচ কাভার দিয়ে ঢেকে রাখা হলেও বৃষ্টির তোড় বেশি হওয়ায় আউটফিল্ড পুরো পানিতে ভর্তি ছিল। তবুও সময়মত বৃষ্টি থামলে ৯০ মিনিটের মধ্যে মাঠ প্রস্তুত করে ফেলা যেত। কিন্তু সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বৃষ্টি না থামায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।

আইসিসি ইভেন্টে ‘বৃষ্টি দুর্ভাগ্য’ সব সময়ই ভর করে দক্ষিণ আফ্রিকার ওপর। সেই ১৯৯২ বিশ্বকাপ থেকে শুরু। এরপর অনেকবারই বৃষ্টির কবলে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া বা বাদ পড়ার পরিস্থিতি তৈরি হওয়ার মুখোমুখি হতে হয়েছে প্রোটিয়াদের।

এখনো গ্রুপ পর্বে একটি করে ম্যাচ বাকি। পরের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এক্ষেত্রে তাদের সামনে কঠিন পথ বাকি। প্রথম ম্যাচে ৩৫১ রান করেও হেরেছিল ইংল্যান্ড। তাদের পরের দুই ম্যাচের একটি আফগানিস্তানের বিপক্ষে। বলা যায় সেমিতে ওঠার লড়াইয়ে ইংলিশরাই ফেভারিট। সেক্ষেত্রে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি হবে সেমিফাইনালে ওঠার নির্ধারক। ইংল্যান্ড যদি পরের দুই ম্যাচই জিতে যায়, তাহলে বিদায় ঘটতে পারে দক্ষিণ আফ্রিকার। আর যদি ইংলিশদের হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা, তাহলে তারাই উঠবে সেমিতে।

অন্যদিকে, খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় অস্ট্রেলিয়ার। কারণ, অজিদের শেষ ম্যাচটির প্রতিপক্ষ আফগানিস্তান। ওই ম্যাচে যদি অঘটন না ঘটে, তাহলে সেমিফাইনালে উঠবে অস্ট্রেলিয়ায়ই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights