টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

গাজীপুর মহানগরীর টঙ্গীতে এক যুবককে (২৫) ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ওই যুবকের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

টঙ্গী পূর্ব থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ছিনতাইকারী সন্দেহে ওই যুবককে আটক করেন কয়েকজন ব্যক্তি। পরে তাকে পার্শ্ববর্তী একটি বালুর মাঠে নিয়ে বেধড়ক মারধর করেন। এতে তার মৃত্যু হয়। পরে যুবকের মরদেহ বালুর মাঠে ফেলে মারধরকারীরা চলে যান। খবর পেয়ে রাত ১১টায় পুলিশ মরদেহ উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহত যুবকের পরিচয় শনাক্ত করতে পিবিআই গাজীপুর আঙুলের ছাপ সংগ্রহ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights